২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গীতে রোববার সকালে ট্রাক ও ম্যাক্সির (এক ধরনের যান্ত্রিক যান) সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2009, 09:57 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

মানিকগঞ্জ, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গীতে রোববার সকালে ট্রাক ও ম্যাক্সির (এক ধরনের যান্ত্রিক যান) সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। সদর উপজেলার মুলজান এলাকায় অপর দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন। আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতরা হলেন- ম্যাক্সিচালক মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া গ্রামের জাহিদুল ইসলাম (২৪) এবং তার সহকারী সদর উপজেলার শরপাই গ্রামের মোতাহার হোসেন (২৮) এবং মানিকগঞ্জ সদর হাসপাতালের এমএলএসএস তোফাজ্জল হোসেন (৫৫)। সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, রোববার ভোর পৌনে ছয়টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গীতে ঢাকাগামী পণ্যবোঝাই ট্রাক এবং পাটুরিয়াগামী একটি ম্যাক্সির সংঘর্ষ হয়। আহত হন ম্যাক্সির দুই যাত্রী, ট্রাকচালক ও তার সহকারী। এদের নাম জানা যায়নি। এসআই দেলোয়ার জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী চিকিৎসা নিয়ে পালিয়ে গেছে। ট্রাক ও ম্যাক্সিটি আটক করা হয়েছে। সদর থানার পুুলিশ জানায়, সকাল ১০টার দিকে মহাসড়কের মুলজান এলাকায় মাইক্রোবাস ও টেম্পোর সংঘর্ষে ১০জন আহত হয়েছেন। আহতদের ১০জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আবদুল হালিম মোল্লা বলেন, ''আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।'' জেলা সিভিল সার্জন ডা. জামালউদ্দিন ভূঁইয়া জানান, আহত তোফাজ্জলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬২১ ঘ.