বান্দরবান, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাল নাগাদ ভোটার তালিকা রোহিঙ্গামুক্ত রাখার লক্ষ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বুধবার আরও ১৮ মিয়ানমার নাগরিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ নিয়ে গত তিনদিনে ২৯ রোহিঙ্গাকে আটক করা হল। গত রোববার ও সোমবার উপজেলা সদর থেকে পৃথক দু'টি অভিযানে ১১ রোহিঙ্গাকে আটক করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার উপ-পরিদর্শক মো. ইসমাইল জানান, বুধবার থেকে উপজেলায় হালনাগাদ ভোটার তালিকার কাজ শুরু হয়। এ সময় তালিকায় অন্তর্ভুক্ত হতে রোহিঙ্গারা বিভিন্ন এলাকায় এসে অবস্থান নেয়। নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেলস ব্যাটালিয়ন ও থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার জারুলিয়াছড়ি পাহাড়ি এলাকা থেকে ১৪ জন এবং ঘুমধুম থেকে চাজনকে আটক করা হয়।
জারুলিয়াছড়ি থেকে আটকৃত ছৈয়দ আহামদ (৩০), রেহেনা বেগম (২৫), শফিকা আক্তার (৪), সায়েকা বেগম (২), খায়রুল আমিন (২৩), জানুবি (২৩), ইউছুফ (২), মোহাম্মদ হাসান (১০), শফিকা আক্তার (২০), জাকারিয়া (১০), রাশেদা (২৫), নবী হোছেন (৫), ফাতেমা বেগম (৩) ও এহাসান (১৪) তাদের বাড়ি মিয়ানমারের আকিয়াব, বুচিদং ও মংডু অঞ্চলে বলে জানিয়েছে। ঘুমধুম থেকে আটক করা হয় জাকের হোছেন (২৪) এবং আরও তিনজনকে। অন্য তিনজনের পরিচয় জানা যায়নি।
তাদের বৃহস্পতিবার মিয়ানমার পুশব্যাকের ব্যবস্থা করা হবে বলে পুলিশ কর্মকর্তা জানান।
নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেলস ব্যাটালিয়ানের অপারেশন অফিসার মেজর রাকিব সাংবাদিকদের জানান, অবৈধ রোহিঙ্গামুক্ত ভোটার তালিকা তৈরিতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সবধরনের সহযোগিতা করবেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহামদ ও উপজেলা নির্বাহী অফিসার নওয়াব আসলাম হাবিব জানান, ভোটার তালিকায় যাতে অবৈধ রোহিঙ্গা না থাকে তার চেষ্টা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫৫ ঘ.
bdnews24