২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জেএমবির বোমা হামলা মামলায় সাক্ষ্যগ্রহণ, সাংবাদিক প্রবেশে বাধা

২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশের মত চট্টগ্রামে জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর বোমা হামলার আরেকটি মামলায় রোববার দুজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ মামলার খবর সংগ্রহ করতে গেলে দুই সাংবাদিককে আদালত ভবনে ঢুকতে বাধা দেয় পুলিশ। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সাংবাদিকদের প্রবেশে 'অলিখিত নিষেধাজ্ঞা' আরোপ করা হয়েছে বলে পুলিশের একজন কর্মকর্তা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 04:12 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

চট্টগ্রাম, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশের মত চট্টগ্রামে জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর বোমা হামলার আরেকটি মামলায় রোববার দুজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ মামলার খবর সংগ্রহ করতে গেলে দুই সাংবাদিককে আদালত ভবনে ঢুকতে বাধা দেয় পুলিশ। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সাংবাদিকদের প্রবেশে 'অলিখিত নিষেধাজ্ঞা' আরোপ করা হয়েছে বলে পুলিশের একজন কর্মকর্তা জানান। চট্টগ্রাম নগরীর অ্যাপোলো শপিং সেন্টারে জেএমবির বোমা হামলার ঘটনায় কোতয়ালি থানায় করা একটি মামলায় সকালে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শফিকুল করিমের আদালতে সাক্ষ্য দেন তৎকালীন মহানগর হাকিম মোখছেদুর রহমান ও ব্যাংক কর্মকর্তা আবদুল মালেক চৌধুরী। এ সময় মামলার তিন আসামি জেএমবি'র আঞ্চলিক কমান্ডার জাভেদ ইকবাল ওরফে মোহাম্মদ, আলাউদ্দিন ওরফে রুবেল এবং আরশাদুল আলম ওরফে টি আলম আদালতে হাজির ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আইয়ুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার ৩৪ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মামলাটির সংবাদ সংগ্রহ করতে গেলে দুই সাংবাদিককে আদালত ভবনে ঢুকতে বাধা দেয় কর্তব্যরত পুলিশ। সাংবাদিকরা এর কারণ জানতে চাইলে তারা কোন সদুত্তর দিতে পারেননি। এক পর্যায়ে পুলিশ দুই সাংবাদিককে জোর করে আদালত ভবনের গেট থেকে সরিয়ে দেয়। এ বিষয়ে দ্রুত বিচার আদালত ভবনে দায়িত্বরত সিএমপির কোতয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপরের নির্দেশে আমরা কোন সাংবাদিককে ভেতরে ঢুকতে দিচ্ছি না।" সংবাদ সংগ্রহে পুলিশের বাধাদানের ঘটনায় নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোস্তাক আহম্মদ ও সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২২১৫ ঘ.