ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বন্যার সময় দুর্গতদের ওষুধ ও পানি সরবরাহ এবং আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আন্তঃ মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির এক সভায় এ নির্দেশ দেওয়া হয়। সভা শেষে মন্ত্রী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী বলেন, গত কয়েকদিনে দেশের প্রায় সব স্থানে পানি নেমে যাওয়ায় পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। তাই এ মুহূর্তে বন্যার আশংকা নেই। অবশ্য আগামী আগস্ট ও সেপ্টেম্বর পর্যন্ত বন্যার ঝুঁকি থেকেই যায়।
আব্দুর রাজ্জাক বলেন, আবহাওয়া অধিদপ্তর ও স্পারসো'র পক্ষ থেকে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। উজানে গঙ্গা অববাহিকায় বৃষ্টিপাত অব্যাহত থাকলে বা আরও ভারী বৃষ্টিপাত হলে বাংলাদেশেও বন্যার আশংকা রয়েছে বলে জানানো হয়।
সম্ভাব্য বন্যা এবং বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসন কর্মসূচির বিষয়ে তিনি জানান, বীজ এবং চিকিৎসার জন্য ওষুধ মজুদ এবং আশ্রয় কেন্দ্রগুলো আগে থেকে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার করার ওষুধও মজুদ রাখতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।
আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাদ্য সচিব মোখলেছুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/ডিডি/০১৫০ ঘ.
bdnews24