ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য ২০ শতাংশ হারে মহার্ঘ ও তিন বছর অন্তর শ্রান্তি বিনোদন ভাতা প্রদানের সুপারিশ করে বিদ্যমান আইন সংশোধনীর সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটি।
সোমবার কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত 'সুপ্রিম কোর্ট জাজেস (সুযোগ ও সুবিধা) সংশোধনী বিল- ২০০৯' এর কমিটির প্রতিবেদন সংসদে উত্থাপন করে 'সুপ্রিম কোর্ট জাজেস (সুযোগ ও সুবিধা) আইন-১৯৭৮' আইনটি সংশোধনীর প্রস্তাব করেন।
এর আগে গত ২ মার্চ অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য বিলটি সংসদের স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন সংসদে ইসলামী বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল-২০০৯ এর প্রতিবেদন উপস্থাপন করেছেন।
সোমবার সংসদে আরো দুটি বিল পাস হয়েছে।
এই বিল দুটি হলো- সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা বিল-২০০৯ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) বিল-২০০৯।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান সংসদে বিল দুটি উত্থাপন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এএল/এসকে/২১৩৬ঘ.
bdnews24