ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটানা কয়েকদিন বাড়ার পর সুনামগঞ্জ ও লালমনিরহাট জেলার নদীগুলোর পানি কিছুটা কমতে শুরু করেছে।
তবে সুনামগঞ্জে সুরমা নদীর পানি ১৫ সেন্টিমিটার কমলেও এখনো বিপদসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বগুড়ায় রোববার ১২ ঘন্টায় যমুনা নদীর পানি বেড়েছে ৪ সেন্টিমিটার।
জেলাগুলোর প্লাবিত অঞ্চলে পানি কমলেও পানিবন্দি মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট।
এছাড়া পানি কমার সঙ্গে সঙ্গে নদীতীরের বিস্তীর্ণ এলাকায় ভাঙন দেখা দিয়েছে। লালমনিরহাটে তিস্তা নদী তীরের ছয়টি ইউনিয়নে দু'দিনে শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর:
সুনামগঞ্জ: নতুন করে বৃষ্টি না হওয়ায় জেলার সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর এবং তাহিরপুর উপজেলার প্লাবিত এলাকাগুলোর পানি নামতে শুরু করেছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান খান জানান, রোববার সন্ধ্যা ছয়টায় সুরমা নদীর পানি বিপদসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৪০ মিলিমিটার।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, উপজেলার প্লাবিত নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। তিনি বলেন, উপজেলা প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে।
পানি কমার সঙ্গে সঙ্গে বন্যাক্রান্ত অঞ্চলগুলো থেকে খাবার ও বিশুদ্ধ পানি সংকটের খবর পাওয়া গেছে।
জেলা প্রশাসক জহির উদ্দিন আহমদ জানান, প্লাবিত এলাকাগুলোর ক্ষয়ক্ষতি নিরূপনে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
বগুড়া: পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, রোববার ১২ ঘন্টায় যমুনা নদীর পানি বেড়েছে ৪ সেন্টিমিটার। সকালে পানি ১৬.২৩ মিটার বাড়লেও বিকেলে তা বেড়ে ১৬.২৭ মিটারে দাঁড়ায়।
তিনি জানান, পানি এখনো বিপদ সীমার (১৬.৭৭ মিটার) নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এভাবে বাড়তে থাকলে তা যেকোন সময় অতিক্রম করতে পারে।
সারিয়াকান্দিতে যমুনা নদীর পশ্চিম তীরে নির্মাণাধীন স্পার ও যমুনার পাড় শনিবার ধসে পড়ার পর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেওয়া মানুষ ও পশ্চিম পাড়ের লোকজন আতংকে দিন কাটাচ্ছেন। শনিবার উপজেলার চন্দনবাইশার স্পারের ২৫ মিটার নদীতে বিলীন হয়ে যায়। এছাড়া অন্তারপাড়ায় নদী তীরের ২০ মিটার অংশ ভাঙ্গনের ফলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে নদীর দূরত্ব দাঁড়িয়েছে মাত্র পাঁচ মিটার।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, দুটি স্থানে ধস দেখা দেওয়ায় সেখানে সিসি ব্লক ও জিও ব্যাগ ফেলে তা ঠেকানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
লালমনিরহাট: তিস্তায় পানির তীব্র স্রোতে ভাঙন বাড়ায় দুদিনে ছয়টি ইউনিয়নের শতাধিক বাড়ি-ঘর নদীতে বিলীন হয়ে গেছে।
তিস্তা তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানিবন্দি পরিবারগুলোর দুর্ভোগ বেড়েছে।
হাতিবান্ধা উপজেলা নিবার্হী কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, বন্যায় পানিবন্দি মানুষের খাবার ও পানি সংকটের বিষয়টি উচ্চপর্য়ায়ে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন ত্রাণ সামগ্রী বরাদ্দ পাওয়া যায়নি।
কুড়িগ্রাম: জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘন্টায় ধরলায় পানি বেড়েছে ২০ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের চিলমারী পয়েন্টে ৩৯ সেন্টিমিটার, দুধকুমারের নুনখাওয়া পয়েন্টে ৩৯ সেন্টিমিটার। তবে তিস্তার কাউনিয়া পয়েন্টে ৩৯ সেন্টিমিটার পানি কমেছে।
রোববার ব্রহ্মপুত্র, সোনাভরি ও ধরলা নদীর ভাঙনে রাজিবপুর, রৌমারী ও কুড়িগ্রাম সদরে ২৫টি পরিবার নতুন করে গৃহহীন হয়েছে। এনিয়ে গত ৮ দিনে নদী ভাঙনে গৃহহীন পরিবারের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৭৫টিতে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান বলেন, নদী ভাঙনের শিকার পরিবারগুলোকে রোববার থেকে ত্রাণ সহায়তা দেওয়া শুরু হয়েছে। পরিবার প্রতি ৪০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসকে/০২০৩
bdnews24