ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরও ৬৬টি মামলা প্রত্যাহার করছে সরকার।
'রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত আবেদন যাচাই-বাছাই কমিটি' বুধবার এ সুপারিশ করেছে।
সচিবালয়ে কমিটির তৃতীয় বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, ৬৬টি মামলার মধ্যে ১১টি দুর্নীতি দমন কমিশনের দায়ের করা।
কমিটি এ নিয়ে তিন দফায় ১৭৪টি মামলা প্রত্যাহারের সুপারিশ করল। এর অধিকাংশই আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা।
গত ১০ জুন কমিটির প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ১২টিসহ ৬২টি মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। এরপর ২১ জুন দ্বিতীয় বৈঠকে সুপারিশ করে ৪৬টি মামলা প্রত্যাহারের।
তৃতীয় বৈঠকে প্রত্যাহারের সুপারিশ করা ৬৬টি মামলার মধ্যে রয়েছে- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর ৩টি, মহীউদ্দীন খান আলমগীরের ২টি, ডেপুটি স্পিকার শওকত আলীর ২টি, মোহাম্মদ নাসিমের ২টি, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের একটি, সাবেক মন্ত্রী মোজাম্মেল হোসেনের একটি, বাহাউদ্দিন নাছিমের একটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক একে আজাদ চৌধুরীর একটি, ইঞ্জিনিয়ার আফছার উদ্দিনের একটি ও লোটাস কামালের তিনটি মামলা।
আইন প্রতিমন্ত্রী জানান, এ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ১ হাজার ৮৪২টি 'রাজনৈতিক মামলা' প্রত্যাহারের আবেদন জমা পড়েছে। এর মধ্যে তিন বৈঠকে ২৫টি আবেদন নাকচ করেছে কমিটি।
মামলা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে এখন পর্যন্ত জেলা পর্যায়ে ও দুর্নীতি দমন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়নি জানিয়ে কামরুল ইসলাম বলেন, "শিগগির সংশ্লিষ্ট আদালত ও দুদকের কাছে সুপারিশগুলো পাঠানো হবে।"
বিএনপি-জামায়াত জোটের কোনও নেতা-কর্মীর মামলা প্রত্যাহারের আবেদন জমা পড়েনি বলে জানায় কমিটি।
আইন প্রতিমন্ত্রী বলেন, "বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামির মামলাও প্রত্যাহার করা হয়েছিল। অথচ আমাদের কোনও নেতা-কর্মীর মামলা ওই সময় প্রত্যাহার হয়নি।"
তিনি আরও বলেন, "আওয়ামী লীগ নেতা-কর্মীদের মামলা প্রত্যাহার করা হচ্ছে বলে তারেক-আরাফাতের (খালেদা জিয়ার দুই ছেলে) মামলা প্রত্যাহার হবে- এমনটা আশা করা ঠিক না।"
শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে প্যারালাল (একইভাবে) দেখার সুযোগ নেই- এ মন্তব্য করে কামরুল বলেন, "এটা হয়েছে বলে (হাসিনার মামলা প্রত্যাহার) ওটা করতে হবে (খালেদা জিয়ার মামলা) করতে হবে- এটা আমি মনে করি না। তত্ত্বাবধায়ক সরকার এভাবে দেখেছে। এখন দুজনকে একভাবে দেখার সুযোগ নেই।"
তবে বিএনপি নেতা মওদুদ আহমেদের বিরুদ্ধে মাদক আইনে দায়ের করা মামলাটি হয়রানিমূলক বলে মনে করেন আইন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, "এ সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে। এটি একটি হয়রানিমূলক মামলা। আমাদের কাছে এ বিষয়ে আবেদন এলে তা প্রত্যাহারের সুপারিশ করব।"
বুধবারের বৈঠকে ১৬২টি মামলা প্রত্যাহারের আবেদন পর্যালোচনা করে কমিটি। বাকিগুলোর বিষয়ে আগামী ১৫ জুলাই কমিটির চতুর্থ বৈঠকে সিদ্ধান্ত হবে বলে প্রতিমন্ত্রী জানান।
গত ২২ ফেব্র"য়ারি সরকার বিগত বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকারের সময়কার 'রাজনৈতিক হয়রানিমূলক' মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটি গঠন করে। এজন্য আইন প্রতিমন্ত্রীর সভাপতিত্বে সাত সদস্যের মন্ত্রণালয় পর্যায়ের একটি কমিটি এবং প্রতিটি জেলায় হাকিমের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়।
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আবেদনপত্র জেলা হাকিমের কাছে দাখিলের সময়সীমা আগামী ১২ জুলাই পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭৫২ ঘ.
bdnews24