সিলেট, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের জালালাবাদ সেনানিবাসে রোববার প্রশিক্ষণ চলাকালে শেল বিস্ফোরণে এক সেনা কর্মকর্তা নিহত ও দু'জন আহত হয়েছেন।
নিহত লেফটেন্যান্ট মাঈনুল হক ১৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন।
আহত দু'জনকে হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়।
সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক ফখরুল আলম বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১টার দিকে সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ চলাকালে রিকয়েললেস রাইফেল থেকে ভারী আরআর শেল ছোঁড়ার সময় বিস্ফোরণ ঘটে। এতে লেফটেন্যান্ট মাঈনুল ঘটনাস্থলেই মারা যান।
উপ-পরিদর্শক বলেন, সেনা কর্তৃপক্ষের আহ্বানে বিকেলে তিনি ফোর্সসহ সেনানিবাসে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় মেজর জাহেদ তাকে জানান, লেফটেন্যান্ট মাঈনুল নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু'জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩১১ঘ.
bdnews24