২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবকের শীর্ষ কর্মকর্তা হুসেইন আল মাসুম গ্রেপ্তার

বেসরকারি যুব কর্মসংস্থান সোসাইটির (যুবক) শীর্ষ কর্মকর্তা হুসেইন আল মাসুমকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। পল্টন থানার উপ-পরিদর্শক শাহ জালাল জানান, বিকেল সাড়ে ৪টার দিকে মতিঝিল মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ভবনের কাছ থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ৯টি মামলা দায়ের করা হয়েছে। সব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব পরোয়ানাবলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। (সংশোধনী ও আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 02:45 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেসরকারি যুব কর্মসংস্থান সোসাইটির (যুবক) শীর্ষ কর্মকর্তা হুসেইন আল মাসুমকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। (সংশোধনী ও আরো তথ্যসহ) পল্টন থানার উপ-পরিদর্শক শাহ জালাল জানান, বিকেল সাড়ে ৪টার দিকে মতিঝিল মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ভবনের কাছ থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ৯টি মামলা দায়ের করা হয়েছে। সব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব পরোয়ানাবলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হুসেইন আল মাসুম যুবকের প্রধান নির্বাহী বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। তবে একাধিক গ্রাহক জানিয়েছেন তিনি যুবকের চেয়ারম্যান। থানার কর্তব্যরত উপ--পরিদর্শক আবু বকর জানান, মাসুমের পদবি জানতে চাইলে তিনি নিজেকে যুবকের নির্বাহী পরিচালক হিসেবে দাবি করেন। এর আগে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় যুবকের বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে গত ৪ মে ধানমণ্ডি থানায় আমানতকারীদের দায়ের করা মামলায় যুবক হাউজিং'র চেয়ারম্যান লোকমান হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গ্রেপ্তার করা হয় যুবকের ঢাকা (পশ্চিম) অঞ্চলের সমন্বয়ক রওশন আরাকে। যুবকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৯৫-'৯৬ সালে শাহবাগের আজিজ মার্কেটে কম্পিউটার শিক্ষা কেন্দ্র হিসেবে যুবকের যাত্রা শুরু হয়। এরপর কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই ১৯৯৭ সালে ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করে যুবক। একই বছর জয়েন্ট স্টক কোম্পানির তালিকাভুক্ত হয় যুবক। এরপর থেকে যুবক হাউজিং, যুবক ফোনসহ অন্তত ২০ টি বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা করতে থাকে যুবক। ২০০৬ সালের ২৪ মে বাংলাদেশ ব্যাংক 'সাধারণ মানুষের সঙ্গে যুবকের অর্থ লেনদেন কার্যক্রমকে কেন অবৈধ ঘোষণা করা হবে না' এই মর্মে একটি নোটিশ দেয়। যুবকের বিরুদ্ধে সারাদেশে গ্রাহকদের জমি, ফ্ল্যাটসহ আমানতের অর্থ ফেরত না দেওয়ার অভিযোগ রয়েছে। এভাবে প্রতিষ্ঠানটি 'হাজার কোটি' টাকারও বেশি হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ গ্রাহকদের। এসব অভিযোগে বিভিন্ন থানায় যুবকের কমকর্তাদের বিরুদ্ধে মামলা করেছেন প্রতারিত গ্রাহকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/টিআর/এইচএ/২৩২০ ঘ.