ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১০ সালের জুন মাসের মধ্যে দেশের সব শিল্প কারখানায় বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ইটিপি) স্থাপনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একইসঙ্গে ওই বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে রাজধানীর হাজারীবাগ এলাকার সব ট্যানারি বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) এবং হিউমেন রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, শিল্প সচিব, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই আদেশ বাস্তবায়ন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে আদালত ২০১০ সালের ৩১ জুলাই পরবর্তী আদেশ দেওয়ার তারিখ ধার্য করেছে।
বেলার অপর এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০১ সালের ১৫ জুলাই হাইকোর্ট হাজারীবাগের ট্যানারিগুলো (চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্প) সাভারে স্থানান্তরের নির্দেশ দেয়।
হাইকোর্ট ওই রায়ে লাল শ্রেণীভুক্ত শিল্প কারখানায় এক বছরের মধ্যে এবং কমলা শ্রেণীভুক্ত 'ক' ও 'খ' তালিকার শিল্প কারখানায় দুই বছরের মধ্যে পরিবেশ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছিল।
আদালত ওই একই রায়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিয়ে কোন নতুন শিল্প কারখানা যাতে স্থাপন না হয় সে বিষয়টি নিশ্চিত করতেও শিল্প সচিবকে নির্দেশ দিয়েছিল।
রায়ের পর আট বছরেও তা বাস্তবায়ন না হওয়ায় আদালত এ সংক্রান্ত নথি পর্যালোচনা করে বলেছে, নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও রায়টি বাস্তবায়ন হয়েছে কিনা সে বিষয়ে আদালতকে কিছুই জানানো হয়নি।
এ অবস্থার পরিপ্রেক্ষিতে শিল্প কারখানায় পরিবেশ দূষণ রোধে আদালতের দেওয়া রায় বাস্তবায়নে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা এক মাসের মধ্যে জানাতে গত ২৮ এপ্রিল হাইকোর্ট সরকারকে স্যুয়োমটো নির্দেশ দিয়েছিল।
পরিবেশ সচিব, শিল্প সচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ দেওয়া হয়।
রায় বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে রিটকারী বেলাকেও আদালত নির্দেশ দেয়।
আদালতের নির্দেশে পরিবেশ সচিব, শিল্প সচিব, পরিবেশ অধিদপ্তরের ডিজি ও বেলা কর্তৃপক্ষ রায় বাস্তবায়নের অবস্থা হাইকোর্টকে জানান।
এদিকে হাইকোর্টের ওই রায় অনুযায়ী পরিবেশ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার অভিযোগ এনে শিল্প সচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে গত ২৮ এপ্রিল একটি আদালত অবমাননার মামলা দায়ের করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ।
আদালত বিষয়টির ওপর শুনানি গ্রহণ করে আদেশ দেয়।
বেলার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ রেজোয়ানা হাসান। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম। আদালত অবমাননা আবেদনের ওপর শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/এইচএ/২১১৪ ঘ.
bdnews24