বগুড়া, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার শাহজাহানপুর উপজেলা সদরে সোমবার রাতে যাত্রীবাহী বাস ও ভটভটির (শ্যালো ইঞ্জিনচালিত যান) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- আব্দুস সালাম (৫০), তার ছেলে রাজীব (২২) এবং আনুমানিক ২৮/৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তি। এরা সবাই বগুড়ার ধুনট উপজেলার ষাটদহ গ্রামের বাসিন্দা এবং পেশায় গরু ব্যবসায়ী।
আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, বগুড়া সদরের সুলতানগঞ্জ হাট থেকে চারটি গরু কিনে একটি ভটভটিতে করে গরু ব্যবসায়ীরা ধুনটের দিকে যাচ্ছিলেন। রাত পৌনে ৯টার দিকে ঢাকা থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন মারা যান। গরু চারটিও মারা যায়।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। যাত্রীবাহী বাসটি নিয়ে চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৫০ ঘ.
bdnews24