২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয়টি লেভেল ক্রসিংয়ে ওভারপাস হচ্ছে

রাজধানীর ছয়টি লেভেল ক্রসিংয়ে ওভারপাস নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।(আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2009, 09:39 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ছয়টি লেভেল ক্রসিংয়ে ওভারপাস নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। মগবাজার রেলক্রসিংয়ে বুধবার ট্রেনের ধাক্কায় একটি বাস এবং কয়েকটি প্রাইভেট কার চুরমার হওয়ার একদিন পরই সরকার এ সিদ্ধান্ত নিল। এছাড়াও ঢাকা শহরের ওপর গাড়ির চাপ কমাতে নতুন করে পাঁচটি বাইপাস সড়ক নির্মাণ করা হবে বলেও মন্ত্রী জানান। যানজট নিরসনে করণীয় নির্ধারণে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের বলেন, "রাজধানীর লেভেল ক্রসিংগুলোতে ট্রেন আসা-যাওয়ার সময় দীর্ঘক্ষণ যাত্রীদের আটকে থাকতে হয়। এ অবস্থার কারণে যাত্রীদের মধ্যে ক্ষোভও দেখা দেয়। এ অবস্থার কারণে বুধবার মগবাজারে বিশৃঙ্খলা হয়েছে। "পরিস্থিতির উত্তরণে সরকার কৌশলগত পরিবহণ পরিকল্পনার (এসটিপি) অংশ হিসেবে রাজধানীতে ছয়টি নতুন ওভারপাস নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। এসব ওভারপাস নির্মাণ হলে যাত্রীদের আর দীর্ঘ সময় আটকা থাকতে হবে না।" বনানী স্টাফ রোড, মগবাজার, এফডিসি, মালিবাগ, সায়েদাবাদ ও জুরাইন লেভেল ক্রসিংয়ে ওভারপাস নির্মাণ হবে বলে মন্ত্রী জানান। ট্রাফিক বিভাগের সঙ্গে অন্য সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে রাজধানীতে যানজট প্রকট আকার ধারণ করেছে জানিয়ে আবুল হোসেন বলেন, সমন্বয়হীনতা দূর করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সভায় নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, "বাইপাস সড়ক না থাকায় দূরপাল্লার সব গাড়ি ঢাকা শহরের ওপর দিয়ে চলে। এতে যানজট বাড়ে। তাই দুর্ভোগ এড়াতে ঢাকায় পাঁচটি বাইপাস সড়ক নির্মাণ করবে। এতে শহরের ওপর গাড়ির চাপ অনেক কমে আসবে।" মগবাজারের দুর্ঘটনার বিষয়ে যোগাযোগমন্ত্রী বলেন, "সেখানে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে আমাদের আশঙ্কা ছিল। সেখানে একটি ওভারপাস নির্মাণের নির্দেশনা আগেই দেওয়া হয়েছিল। কিন্তু তা করা হয়নি, এখন সরকার এটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।" যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সভাপতিত্বে ওই সভায় সড়ক ও রেলপথ বিভাগের সচিব এএসএম আলী কবীরসহ বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮২০ ঘ.