২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখে যাবে সংসদীয় প্রতিনিধি দল

টিপাইমুখ বাঁধ প্রকল্প পর্যবেক্ষণে সংসদের একটি প্রতিনিধি দল ভারত যাবে। সাংসদ ছাড়াও বিশেষজ্ঞরা এই দলে থাকবেন। তবে সফরের দিন-তারিখ এখনও নির্ধারিত হয়নি। পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির মঙ্গলবারের বৈঠকে টিপাইমুখে সংসদীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2009, 09:57 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ বাঁধ প্রকল্প পর্যবেক্ষণে সংসদের একটি প্রতিনিধি দল ভারত যাবে। সাংসদ ছাড়াও বিশেষজ্ঞরা এই দলে থাকবেন। তবে সফরের দিন-তারিখ এখনও নির্ধারিত হয়নি। পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির মঙ্গলবারের বৈঠকে টিপাইমুখে সংসদীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। কমিটির চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "টিপাইমুখ প্রকল্প পর্যবেক্ষণে পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের নেতৃত্বে একটি দল ভারতে যাবে। এ দলের সদস্য সংখ্যা ১০ জনের বেশি হবে না।" সাবেক পানি সম্পদমন্ত্রী রাজ্জাক বলেন, "বিরোধী দলের দুজন সাংসদ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা এ দলে থাকবেন। আমরা কয়েকজন নিরপেক্ষ বিশেষজ্ঞকে এ দলে রাখতে চাই।" তবে 'নিরপেক্ষ বিশেষজ্ঞ' বলতে কাদের বোঝানো হচ্ছে- তা স্পষ্ট করেননি তিনি। রাজ্জাক বলেন, "প্রতিনিধি দলের যাওয়ার বিষয়ে কূটনৈতিক যোগাযোগের জন্য আমরা আমাদের সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো। তারপরই এ সফরের তারিখ নির্ধারণ করা হবে।" টিপাইমুখ বাঁধের বিষয়ে 'রাজি' হওয়ায় আব্দুর রাজ্জাক তৎকালীন বিএনপি সরকার এবং ওই সরকারেরর পানি সম্পদমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিনকে দোষারোপ করেন। তিনি বলেন, "আমরা জেনেছি যে ২০০৩ সালে নয়াদিল্লিতে যৌথ নদী কমিশন (জেআরসি) এর চুক্তি নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে হাইড্রো-ইলেকট্রিক প্রকল্পটি (টিপাইমুখ বাঁধ) এসেছে। মেজর হাফিজ এ আলোচনার নেতৃত্ব দেন। "তখন তারা এ বিষয়ে কিছুই বলেননি। এখন তিনি এ বিষয়ে কথা বলা শুরু করেছেন। তিনি (হাফিজ) সে সময় এ প্রকল্পের বিষয়ে দেশবাসীকে জানাতে পারতেন।" বিএনপি নেতা হাফিজউদ্দিন গত শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, "খালেদা জিয়ার সরকার প্রথম থেকেই টিপাইমুখ প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আপত্তি জানায়। ১৯৯২ সালের ১৬ এপ্রিল ও ১৮ মে ভারত সরকারকে দুইটি নোট ভারবালের মাধ্যমে লিখিতভাবে এই আপত্তি জানানো হয়।" বিএনপি'র শাসনামলে টিপাইমুখ প্রকল্পের আলোচনা শুরু হয়েছে- আওয়ামী লীগের এ বক্তব্যকে অসত্য বলে দাবি করেন হাফিজ। রাজ্জাক দাবি করেন, ভারত সরকার এখন পর্যন্ত ওই প্রকল্পের কাজ শুরু করেনি। তিনি বলেন, "টেলিভিশন চ্যানেলে আলোচনায় অনেক বিশেষজ্ঞ বলেন, তারা এ প্রকল্পের বিষয়ে জানেন না। কিন্তু তারা আবার এ প্রকল্পের বিরুদ্ধে কথাও বলেন। বিষয়টি সম্পর্কে না জানলে এ নিয়ে কথা না বলতে আমি সবাইকে অনুরোধ করছি।" ২০০৩ সালে ভারত সরকার বরাক নদীতে টিপাইমুখ বাঁধ নির্মাণের কাজ শুরু করে। এ নদী সুরমা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশের বারবার অনুরোধ সত্ত্বেও ভারত প্রস্তাবিত এ বাঁধ নিয়ে কোনও তথ্য দেয়নি। তবে নয়াদিল্লির পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশের উজানে পানির সহজলভ্যতার ক্ষেত্রে এ প্রকল্প কোনও বাধা হবে না। সিলেট অঞ্চলে পরিবেশ বিপর্যয় ঘটাতে পারে বলে বাংলাদেশ যে আশঙ্কা করছে তা দূর করতে ভারত সরকার এ প্রকল্প পর্যবেক্ষণে একটি প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব করে। গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বিতর্কিত এ প্রকল্প পর্যবেক্ষণে সংসদীয় একটি কমিটি ভারতে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এমআই/১৬৩০ ঘ.