ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর ধানমণ্ডির ব্যস্ততম ২৭ নম্বর সড়কে একটি রেস্তোরায় কমান্ডো স্টাইলে ঢুকে সব লুটে নিয়ে গেছে ডাকাতরা।
ধানমণ্ডির ২৭ নম্বর সড়কে ২১/এ 'ঝাল' রেস্তোরায় সোমবার রাত ১০টার দিকে ৪/৫ জন যুবক পিস্তল ও ধারালো অস্ত্র নিয়ে ঢুকে রেস্তোরার ক্যাশ ও কাস্টমারদের টাকা-পয়সা, মোবাইল ফোন নিয়ে যায়।
দোকানটির কর্মচারী আহসান হাবীব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০টার দিকে ৪/৫জন ডাকাত এসে রেস্তোরায় ঢুকেই বাম পাশের একটি টেবিলে বসা কাস্টমারকে মারধর করে তার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এরপর তারা রেস্তোরায় আসা আরো সাত জনের সব কেড়ে নেয় এবং কয়েকজনকে মারধরও করে। তারা ক্যাশ থেকে দিনের বিক্রির প্রায় ৪০ হাজার টাকা লুটে নিয়ে যায়।
এ কেমন চেকপোস্ট...
ডাকাতির পরপরই ডাকাতরা একটি সিলভার রংয়ের কারে করে পালিয়ে যায়। এসময় দোকানের সামনে পার্ক করে রাখা এক পিকআপ চালককে অনুরোধ করে ডাকাতদের পিছু ধাওয়া করে দোকান কর্মচারী শরীফ।
শরীফ বলেন, "ডাকাতরা খুব দ্রুত গাড়ি চালিয়ে পালাচ্ছিল, তখন মোহাম্মদপুর থানার সামনেই পুলিশের চেকপোস্ট ছিল। পুলিশ বিভিন্ন গাড়ি থামিয়ে চেক করছিল। ডাকাতদের গাড়িটি দ্রুত চেকপোস্ট পার হয়ে গেলেও পুলিশ ছিল নির্বিকার। এরপরই আমি গিয়ে পুলিশকে বলি যে ডাকাত পালাচ্ছে ওদের ধরেন। পুলিশ কিছুই করেনি। পিকআপ নিয়ে মোহাম্মদপুর-লালমাটিয়া পর্যন্ত পিছু ধাওয়া করেও তাদের আর পাওয়া যায়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২৩০০ ঘ.
bdnews24