ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৃক-এর প্রতিষ্ঠাতা, দৃকনিউজের প্রধান সম্পাদক ও আলোকচিত্রী শহীদুল আলমকে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
দৃক নিউজের সম্পাদক আজিজুর রহিম পিউ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের বাংলাদেশ অংশ থেকে তাকে আটকের পর বিএসএফ নিজেদের ক্যাম্পে নিয়ে যায়।
তিনি 'ন্যাশনাল জিওগ্রাফিক' এর হয়ে ব্রক্ষপুত্র নদের উপর একটি প্রামাণ্যচিত্র নিমার্ণের জন্য সেখানে ছবি তুলছিলেন।
রাত সাড়ে ৯ টায় জামালপুরের ৬ রাইফেলস ব্যাটালিয়নের কমাডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শহীদুল আলম নামে একজন সাংবাদিককে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। ভারতের ওই এলাকায় দায়িত্বরত ২১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট সুনীল মেহেতার সঙ্গে আমি কথা বলেছি। তাকে ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।"
শহীদুল আলমকে রাতে ফেরত দেওয়া হবে কিনা জানতে চাইলে লে. কর্নেল মিজান বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
বিডিআর ও এলাকাবাসীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুড়িগ্রাম প্রতিনিধি জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহিদুল আলম ও তার সঙ্গীরা স্থানীয় এক ব্যক্তিকে নিয়ে রৌমারী উপজেলার চর নতুন বন্দর সীমান্ত এলাকায় যান। সেখানে তারা ১০৬৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে কাঁটাতারের বেড়ার ছবি তুলতে তুলতে অসাবধানতাবশত জিরো লাইন অতিক্রম করে ভারতের নোম্যান্সল্যান্ডে ঢুকে পড়েন।
এসময় বিএসএফ'র সাহাপাড়া ক্যাম্পের একটি টহল দল তাদের ধাওয়া করে শহিদুল আলমকে ধরে ফেলে। অন্যরা দৌড়ে বাংলাদেশের ভূখণ্ডে ফিরে আসতে সক্ষম হন।
লে. কর্নেল মিজান দৃক কর্তৃপক্ষকে জানান, বিএসএফ আজ রাতেই শহীদুল আলমকে ছেড়ে দিতে পারে।
তিনি বলেন, "আজ রাতের মধ্যেই শহীদুলকে ছেড়ে দেওয়ার জন্য আমি আমার ভারতীয় প্রতিপক্ষকে অনুরোধ জানিয়েছি। তিনি সাংবাদিক হওয়ায় রাতের মধ্যেই তাকে হস্তান্তরে তারা রাজি হয়েছে। সাধারণত রাতের বেলায় কাউকে হস্তান্তর করা হয়না। আশা করছি দুই-তিন ঘন্টার মধ্যে শহীদুলকে ছেড়ে দিয়ে রৌমারী নিয়ে আসা হবে।"
বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম দৃক কর্তৃপক্ষকে বলেন, "শহীদুল বর্তমানে সাহাপাড়া বিএসএফ ক্যাম্পে আছেন। তারা তাকে বাংলাদেশের কাছে ফেরত দেবে। ফেরত পাঠানোর প্রক্রিয়াটি শেষ হতে কিছুটা সময় লাগবে।
"তারা শহীদুলকে আটকের কথা স্বীকার করেছে এবং এটাও নিশ্চিত করেছে যে তাকে ছেড়ে দেওয়া হবে- আমরা তাকে ফেরত পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি /এইচএ/২৩০০ ঘ.
bdnews24