২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিএল কলেছে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ১২

তুচ্ছ ঘটনায় খুলনা মহানগরীর দৌলতপুরে সরকারি বজ্রলাল (বিএল) কলেজে সোমবার দুপুরে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 02:22 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

খুলনা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তুচ্ছ ঘটনায় খুলনা মহানগরীর দৌলতপুরে সরকারি বজ্রলাল (বিএল) কলেজে সোমবার দুপুরে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে আছেন- ছাত্রদল কর্মী সাজু, নাজিম উদ্দিন, সাইফুদ্দিন, রবিউল ইসলাম রিকি, এখলাসুর রহমান, অজয় কুমার সিংহ। এদের মধ্যে সাজুকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিএল কলেজের ছাত্রদল সাধারণ সম্পাদক কাজী রিয়াজ শাহেদ জানান, কলেজ গেটের নিউবুক ষ্টলে মোবাইল ফোনে ফ্লেক্সিলোড করাকে ছাত্রলীগের আব্দুল হান্নানের সঙ্গে দোকান মালিকের কথা কাটাকাটি হয়। এ সময় ছাত্রদলের নাজিম ও রানা বিষয়টি মেটানোর চেষ্টা করেন। এতে হান্নানের সঙ্গে তাদেরও বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছাত্রলীগের হান্নান ও শফিকুলের সঙ্গে ছাত্রদলের নাজিম ও রানার হাতাহাতি হয়। তিনি অভিযোগ করেন, এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতা কার্মীরা ছাত্রদলের নেতা কর্মীদের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে তারা ছাত্রদলের নেতা কর্মীদের ক্যাম্পাস ও হল থেকে বের করে দেয়। কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দোলন মিস্ত্রি জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের নেতা কর্মীরা ছাত্রলীগের হান্নান ও শফিককে মারধর করেছে। ছাত্রদলের নেতা কর্মীদের উপর ছাত্রলীগ হামলার বিষয়টি তিনি অস্বীকার করেছেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী মো. আসাদুল্লাহ জানান, ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কোন প্রকার অঘটন ঘটেনি। কলেজ অধ্যক্ষ ড. আহমেদ রেজা জানান, ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে কলেজ ক্যাম্পাসের বাইরের ঘটনা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে উভয় দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩১ ঘ.