সুনামগঞ্জ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়মের অভিযোগে সুনামগঞ্জ-৪ আসনে (সদর-বিশ্বম্ভরপুর) উপ-নির্বাচনের এক প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জাতীয় সংসদের ওই আসনে সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৪টায়। ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান।
ভোট গ্রহণে অনিয়মের অভিযোগে দুপুরে জেলা শহরের পিটিআই স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল খায়েরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর ১টার দিকে একজন ভোটার আবুল খায়েরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেন। তাৎক্ষণিকভাবে এর সত্যতা পাওয়ায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে অন্য একজনকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে।"
আবুল খায়েরকে নির্বাচন কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
গত ১৭ এপ্রিল মহাজোটের সাংসদ জাতীয় পার্টির নেত্রী মমতাজ ইকবালের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
এ আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৮৩৫ জন। ভোট কেন্দ্র রয়েছে ১০৫টি।
মোট তিনজন প্রার্থী এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, মহাজোট প্রার্থী ও আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, চারদলীয় জোটের প্রার্থী ও বিএনপি নেতা ফজলুল হক আসপিয়া এবং ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী কৃষক মো. সাদেক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৪৫১ ঘ.
bdnews24