ফেনী, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনীর সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের বালুয়া চৌমুহনী এলাকার ফেনী গ্যাস ফিল্ডে শুক্রবার গভীর রাতে চুরির ঘটনায় শনিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মধ্যম ধলিয়া এলাকার কবির আহাম্মদের ছেলে জাফর ইমাম (২৭), মকবুল আহমদের ছেলে আবদুস সালাম (২৬) ও আবুল হাশেমের ছেলে আবুল কাশেম (২৬)।
শুক্রবার রাত দেড়টার দিকে একদল যুবক গ্যাস ফিল্ডে ঢুকে কিছু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ফিল্ডের সিনিয়র সুপারভাইজার মো. আবু সালেহ।
তিনি বলেন, "ফিল্ডে কর্মরত কিছু শ্রমিকের সঙ্গে বহিরাগত কিছু যুবকের কয়েক মাস ধরে দ্বন্দ্ব চলছিল। ফিল্ড এলাকার একটি পুকুরে মাছ চাষ করা নিয়ে মূলত দ্বন্দ্বের শুরু। এর জের ধরে তারা এ ঘটনা ঘটায়।"
চুরির ঘটনায় মো. আবু সালেহ বাদী হয়ে ফেনী থানায় মামলা করেন।
ফেনী থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস বলেন, "চুরির সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমএসবি/১৬২৩ ঘ.
bdnews24