চাঁপাইনবাবগঞ্জ, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭১ এ এক মুক্তিযোদ্ধা হত্যা এবং বাড়ি পোড়ানোর অভিযোগে রোববার চাঁপাইনবাবগঞ্জে একটি মামলা হয়েছে।
জেলার বিচার বিভাগীয় হাকিম মোস্তফা কামালের আদালতে দায়ের করা এ মামলায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত চার-পাঁচ জনকে আসামি করা হয়েছে।
মামলাটি করেছেন শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নতুন বারোরশিয়া গ্রামের বদিউজ্জামান।
মুক্তিযোদ্ধা আব্দুল লতিফকে হত্যার অভিযোগে দায়ের করা এ মামলায় আসামির তালিকায় যার নাম উল্লেখ করা হয়েছে, তিনি হলেন- শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের আরাজি চৌকা দাদনচক গ্রামের দুলু (৬৫)।
এজাহারে বলা হয়েছে, ১৯৭১ সালের ৩১ জুলাই বাদিসহ ১৫ জন মুক্তিযোদ্ধা আদিনা ফজলুল হক কলেজে অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নেন। পরদিন আসামি দুলুসহ কয়েকজন রাজাকার পাকিস্তানি বাহিনীকে সঙ্গে নিয়ে মুক্তিযোদ্ধাদের অস্থায়ী ক্যাম্পে হানা দেয়। ওই সময় বিশ্বনাথপুর গ্রামের আব্দুল লতিফ পাশের হাবিবুর রহমানের বাড়িতে আশ্রয় নেয়।
পরদিন দুলুসহ কয়েকজন রাজাকার ওই বাড়ি থেকে লতিফকে ধরে এনে গুলি চালিয়ে হত্যা করে বলে এজাহারে বলা হয়। এতে আরও বলা হয়, আসামিরা হাবিবুর রহমানের বাড়িও পুড়িয়ে দেয়।
হাবিবুর রহমানকে এ মামলার সাক্ষী করা হয়েছে।
হাকিম মামলার বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫০০ ঘ.
bdnews24