ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুর থানার রায়ের বাজার বধ্যভূমি এলাকা থেকে রোববার ভোরে সন্দেহভাজন তিন ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ।
এ নিয়ে গত ১ মাসে (১৩ মে থেকে) রাজধানীতে পুলিশের গুলিতে ২৩ জন আহত ও দুই জন নিহত হয়েছে।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৪টার দিকে রায়েরবাজার বধ্যভূমি এলাকায় একটি কালো ট্যাক্সিক্যাবে চড়ে কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয়।
তিনি বলেন, "ওই গাড়িটিকে চ্যালেঞ্জ করা হলে আরোহীরা পুলিশের দিকে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। এতে তিনজন আহত হয়। ট্যাক্সিক্যাবটি আটক করা হয়েছে। এর ভেতর ধারালো অস্ত্র পাওয়া যায়।"
গ্রেপ্তারকৃতরা হলেন- গাড়িচালক লুৎফর রহমান (৪৫), আরোহী মাহাবুবুর রহমান (৪০) ও নূর হোসেন (৪০)। এদের মধ্যে লুৎফর ও মাহাবুুবুরের ডান পায়ে এবং নূর হোসেনের বাম হাতে গুলি লেগেছে।
মোহাম্মদপুর থানার ওসি শাহজাহান কবীর জানান, তিন ছিনতাইকারী গুলিবিদ্ধ হলেও তাদের কয়েকজন সঙ্গী পালিয়ে যায়।
পুলিশ বাদি হয়ে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে রোববার সকালে মোহাম্মদপুরের শেরশাহ শূরী সড়কে সন্ত্রাসীদের গুলিতে বাচ্চু মিয়া (৪০) নামে এক পাহারাদার আহত হয়েছেন।
উপ-পরিদর্শক কায়সার জানান, সকাল ৮টার দিকে ৭৩, শেরশাহ শূরী সড়কের বাড়িতে কয়েকজন যুবক এসে মনির নামে একজনকে খোঁজে। ওই সময় পাহারাদার বাচ্চু মিয়া তাদের বাধা দেয়। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে বাচ্চুর দু' পায়ে গুলি করে পালিয়ে যায়।
আহত বাচ্চুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনিয়ে চলতি মাসে মোহাম্মদপুর থানা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে পাঁচজন আহত হলো। এছাড়া সন্ত্রাসী হামলায় একজন কেবল টিভি ব্যবসায়ী নিহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১১৪৪ ঘ.
bdnews24