যশোর, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোর শহরে শনিবার সন্ধ্যায় জেলা জজের সঙ্গে এক সেনা কর্মকর্তার হাতাহাতি হয়েছে।
শহরের এমএম আলী সড়কে একটি ওষুধের দোকানে এ ঘটনা ঘটে। এ সময় ওই সড়কে প্রায় একঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
এ ঘটনায় জড়িয়ে পড়া জেলা জজ শামসুল আলম খান এবং যশোর সেনানিবাসের মেজর মাহমুদ আহত না হলেও দু'জনেরই শার্ট ছিঁড়ে যায় বলে পুলিশ জানায়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জানান, এমএম আলী রোডের জামান ফার্মেসিতে সাদা পোশাকে ওষুধ কিনতে যান মেজর মাহমুদ। একই সময় জজের গানম্যান বাবুল আক্তারও ওখানে ওষুধ কিনতে যান। ওখানে বাবুল আক্তারের গায়ে মেজর মাহমুদের ধাক্কা লাগলে দু'জনের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরপর গাড়িতে বসা জজ নেমে এলে তার সঙ্গেও মেজরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
উপস্থিত লোকজন দু'জনকে দু'দিকে সরিয়ে নিয়ে যায়। পরে পুলিশ এসে জজকে বাসায় পৌঁছে দেয়।
এ সময় মেজর মাহমুদকেও পুলিশ পৌঁছে দিতে চাইলে তিনি বলেন, সেনানিবাস থেকে কর্মকর্তারা আসা পর্যন্ত তিনি ঘটনাস্থল থেকে যাবেন না।
ঘটনার খবর পেয়ে যশোর ক্যান্টনমেন্ট থেকে তিনটি গাড়িতে করে সেনা ও ডিজিএফআই সদস্যরা আসে। তারা এ ব্যাপারে খোঁজখবর নেয়।
পুলিশ সুপারিনটেনডেন্ট দিদার আহমেদ বলেন, অনাকাঙ্খিত পরিস্থিতি 'দ্রুত সামাল' দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৩৫ঘ.
bdnews24