২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ বিচার ইস্যুর 'রাজনীতিকরণ' না করার আহ্বান যুক্তরাষ্ট্রের

সরকারের জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করে যুদ্ধাপরাধের বিচারের ইস্যুটির 'রাজনীতিকরণ' না করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক রোববার বিকেলে আমেরিকান ক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, সরকারের উচিত হেফাজতে থাকা বিডিআর সদস্যদের মারা যাওয়াসহ সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত করা। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2009, 01:04 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, ১৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করে যুদ্ধাপরাধের বিচারের ইস্যুটির 'রাজনীতিকরণ' না করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক রোববার বিকেলে আমেরিকান ক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, সরকারের উচিত হেফাজতে থাকা বিডিআর সদস্যদের মারা যাওয়াসহ সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত করা। এ সময় তিনি আঞ্চলিক সন্ত্রাসবাদ দমনে দক্ষিণ এশীয় টাস্কফোর্স গঠনে ঢাকার পদক্ষেপের বিষয়েও সমর্থন জানান। তবে প্রস্তাবিত টাস্কফোর্সে যুক্তরাষ্ট্রের কোনও ভূমিকা নেই বলে পরিষ্কার করেন তিনি। যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে ব্লেক বলেন, "যুদ্ধাপরাধ বিচার প্রশ্নে আমি বলতে চাই যুক্তরাষ্ট্র জবাবদিহিতার ওপর গুরুত্ব আরোপ করে থাকে।" "তবে এখানকার সরকারের সঙ্গে আলোচনায় আমরা এই বিষয়টিকে রাজনৈতিক ইসুতে পরিণত না করার আহ্বান জানিয়েছি; এক্ষেত্রে সুনির্দিষ্টভাবে সমর্থন জানাচ্ছি স্বচ্ছতা প্রতিষ্ঠায়।" যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, "আপনাদের দেশে মাত্র কিছুদিন হলো ইতিহাসের সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে, শক্তিশালী হয়েছে গণতন্ত্র। "গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অর্জিত অগ্রগতি ব্যাহত হয় এবং বাংলাদেশের জনগণের কাছে গণতন্ত্র দুর্বল করার কোনও প্রক্রিয়া বলে মনে হয় এখনই এমন কোনও পদক্ষেপ না নেওয়া।" যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শনিবার দুই দিনের সফরে প্রথমবারের মতো ঢাকা পৌঁছান ব্লেক। ওইদিন সন্ধ্যায় তিনি বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। রোববার সকালে ব্লেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে তাদের কার্যালয়ে বৈঠক করেছেন। ব্লেকের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা সাংবাদিকদের জানান, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সীমান্ত রক্ষার বিষয়েও সহযোগিতার প্রতিশ্র"তি মিলেছে বলে তিনি জানান। সাহারা বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। তারা এ বিষয়ে সহায়তা দেবে। এছাড়া সীমান্ত রক্ষার ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন রবার্ট ব্লেক।" যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিকে বলেছি, যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে আমরা (সরকার) জনগণের কাছে প্রতিশ্র"তিবদ্ধ। তিনিও জানিয়েছেন, এ বিষয়ে তাদের সমর্থন রয়েছে।" সীমান্ত রক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কী ধরনের সহযোগিতা দেবে- জানতে চাইলে সাহারা বলেন, "এটা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ই ব্যাখ্যা করবে।" নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু করেছে। ১৯৭১ সালে নয় মাসব্যাপী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানী দখলদার বাহিনী ও তাদের স্থানীয় দোসরদের হাতে ৩০ লাখ মানুষ নিহত হয় ও দু'লাখ নারী সম্ভ্রম হারান। সংবাদ সম্মেলনে ব্লেক আরও বলেন, "বাংলাদেশ রাইফেল্স এ কী ঘটেছিল তা নিয়ে তদন্ত চলছে। তবে আমরা হেফাজতে থাকা অবস্থায় মৃত্যু নিয়ে আলোচনা করেছি। "আলোচনা করেছি ওইসব মৃত্যুর একটি বিশ্বাসযোগ্য তদন্ত করা এবং যারা এজন্য দায়ী হতে পারে তাদের বিচারের সম্মুখীন করা সরকারের জন্য কেন গুরুত্বপূর্ণ তা নিয়ে। ব্লেক বলেন, সরকার এসব কাজ করলে তা বিডিআর এর পুনর্গঠনে বাড়তি সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করবে। হেফাজতে থাকা অবস্থায় কমপক্ষে ২০ জন বিডিআর সদস্যের মৃত্যুর বিষয়ে তদন্ত করার জন্য গত সপ্তাহে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সরকার বলছে, ওইসব বিডিআর সদস্য হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ব্লেক সব ধরনের বিচারবহির্ভূত হত্যার তদন্তের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, "বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে সব আলোচনায় আমরা ওইসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত এবং তার জন্য দায়ীদের বিচারের সম্মুখীন করার গুরুত্ব তুলে ধরেছি।" তিনি বলেন, বাংলাদেশ সরকারের এমনভাবে কাজ করা উচিত যাতে জেএমবি'র মতো অভ্যন্তরীণ সন্ত্রাসী সংগঠন এবং আন্তর্জাতিক সন্ত্রাসীরা বাংলাদেশ ও অন্য দেশের ক্ষতি করতে না পারে। সন্ত্রাসবাদ থেকে জনগণকে এবং বাংলাদেশের সমুদ্রসীমা রক্ষায় যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলে জানান মার্কিন এ মন্ত্রী। তিনি বলেন, "সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার মাধ্যমে যারা আপনাদের গণতন্ত্রকে অস্থিতিশীল করতে চায় তাদের হাত থেকে জনগণকে রক্ষায় সাহায্য করতে এসেছি আমরা। "আমি জানি, একটি সাউথ এশিয়ান টাস্কফোর্স গঠনের বিষয়ে বাংলাদেশের প্রস্তাব আছে এবং তা হতে পারে সার্ক অঞ্চলের দেশগুলো ছাড়াও অন্যান্য অঞ্চলের সঙ্গেও সহযোগিতা বাড়ানোর অন্যতম প্রক্রিয়া। "নিশ্চিতভাবেই তার একটি ভাল সম্ভাবনা রয়েছে। তবে এতে আমাদের নির্দিষ্ট কোনও ভূমিকা নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেআরসি/এফএফ/এজে/এমআই/এসকে/২২৫৩ঘ.