বাগেরহাট, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের মোরেলগঞ্জে দুই সহোদর মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলার তেলিগাঁতি ইউনিয়নের মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বৃহস্পতিবার বাগেরহাটের অতিরিক্ত মুখ্য হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন।
আদালত মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তাকে (ওসি) মামলাটি নথিভুক্ত করার আদেশ দিয়েছে।
মামলার আসামিরা হলেন- মোরেলগঞ্জ উপজেলার তেলিগাঁতি গ্রামের রশিদ খান (৬৫), বাবুল শেখ (৫৭), আশরাফ খান (৬৫), মকছের দিদার (৮০), সুলতান খান (৬৬), দৈবজ্ঞহাটি গ্রামের আকরাম খান (৫৬), শাহাদাৎ সরদার (৫৫), কাটাবুনিয়া গ্রামের শাহজাহান মিস্ত্রি (৬৫), কচুয়া উপজেলার যশোর্দি গ্রামের রুস্তম আলী (৫৫), খালকুলিয়া গ্রামের এনছাব আলী খান (৭৫) এবং খুলনার রূপসা উপজেলার চাঁনমারী এলাকার শেখ উকিল উদ্দিন (৫৬)।
বাদির অভিযোগ, ১৯৭১ সালের ১৩ নভেম্বর মোরেলগঞ্জ উপজেলার তেলিগাঁতি ইউনিয়নের ঢুলিগাঁতি গ্রামের মতিয়ার রহমানের বাড়ির পাশে রশিদ খানের নেতৃত্বে একদল সশস্ত্র রাজাকার মুক্তিযোদ্ধা বাশারাত খান এবং মান্নান খানের ওপর গুলি চালিয়ে হত্যা করে।
মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক রিয়াজুল ইসলাম জানান, আদালতের নির্দেশ অনুযায়ী এ মামলার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩৩৫ ঘ.
bdnews24