২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ দফা দাবিতে রাজশাহীতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন

পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা চিকিৎসক এসোসিয়েশন রাজশাহী জেলা শাখা রোববার বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2009, 03:46 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

রাজশাহী, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা চিকিৎসক এসোসিয়েশন রাজশাহী জেলা শাখা রোববার বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। নগরীর জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে রাজশাহী জেলার ডিপ্লোমা চিকিৎসক এসোসিয়েশন এর সভাপতি ডা. হালিমুজ্জামান বলেন, গ্র্যাজুয়েট ডাক্তারদের সংগঠন বিএমএ প্রভাব খাটিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে পদবী বাস্তবায়ন করা থেকে বিরত রেখেছে। গ্রাম বাংলার ৮০ শতাংশ মানুষের স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় নিয়োজিত ডিপ্লোমা চিকিৎসকদের নায্য অধিকার থেকে বঞ্চিত রেখে স্বাস্থ্য সেবার কাক্সিক্ষত লক্ষ্য পূরণ করা সম্ভব নয় বলে মনে করেন তিনি। কর্মসূচিতে এসোসিয়েশনের অর্ধশত সদস্য অংশ নেন। ডিপ্লোমা চিকিৎসকদের দাবিগুলো হল- উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদ বাস্তবায়ন, ওই পদের কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের মতো এক বছর ইন্টার্নিসহ কোর্সের মেয়াদ চার বছরে উন্নীতকরণ, রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের নাম পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৩ ঘ.