ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের দরিদ্র দেশের বিদ্যালয়ের ক্ষুধার্ত শিশুদের জন্য তহবিল সংগ্রহ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রোববার রাজধানীতে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)ও তার করপোরেট সহযোগীদের যৌথ আয়োজনে সকাল সকাল ১০টায় এই কর্মসূচি শুরু হয়।
আগারগাঁও আইডিবি ভবন থেকে চন্দ্রিমা উদ্যান হয়ে শেরে বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসে পদযাত্রাটি শেষ হয়। এতে নেতৃত্ব দেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী জি এম কাদের।
কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, জাতিসংঘ মিশনের প্রধান, শিশু সাহিত্যিক অধ্যাপক জাফর ইকবাল, লেখক ইমদাদুল হক মিলন, আনিসুল হক, অভিনেত্রী মৌসুমী, ওমর সানী, জাহিদ হাসান, শমী কায়সার, নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ, উপস্থাপক আবদুর নূর তুষার, যাদুশিল্পী উলফাৎ কবীর ও শিশুসহ বিভিন্ন শ্রেণীর হাজারের বেশি মানুষ অংশ নেন।
প্রসঙ্গত, 'এন্ড হাঙ্গার: ওয়াক দ্য ওয়ার্ল্ড' শীর্ষক এই পদযাত্রাটি এ বছর সপ্তম বর্ষে পদার্পণ করেছে। বিশ্বের ৭০টি দেশের জনগণ ক্ষুধা দূরীকরণের এই কর্মসূচিতে অংশ নিচ্ছে বলে বিশ্ব খাদ্য কর্মসূচির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজের ওপর আরোহণের মধ্য দিয়ে এ পদযাত্রা কর্মসূচি শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/
bdnews24