গোপালগঞ্জ, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কবি সুকান্ত ভট্টাচার্যের স্মৃতি রক্ষায় গোপালগঞ্জে তার পৈত্রিক ভিটায় গ্রন্থাগার ও মিলনায়তন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কবির সংগ্রামী জীবন ও সৃজনশীল কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ উদ্যোগের লক্ষ্য।
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রকৌশলী হরলাল ঘোষ জানান, জেলার কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামের পৈত্রিক ভিটার দুই একর জমির মধ্যে এক একরের উপর ৪৯ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে কবির নামে গ্রন্থাগার ও মিলনায়তন তৈরি করা হবে।
এ প্রকল্পের জন্য সরকার ইতোমধ্যে ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।
তিনি আরও জানান, গ্রন্থাগারে একসঙ্গে একশ' পাঠক বই পড়ার সুযোগ পাবেন। মিলনায়তন হিসেবেও এটি ব্যবহার করা যাবে। বাড়ির সৌন্দর্য বাড়াতে ফুলের বাগান ও সড়ক থাকবে।
গোপালগঞ্জ কবি সুকান্ত সংগীত একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুকান্ত আমাদের বিপ্লবী প্রেরণার উৎস। তার পৈত্রিক ভিটাতে সরকার স্মৃতি ধরে রাখার উদ্যোগ নিয়েছে।"
তিনি আশা করেন, এর মাধ্যমে কবির নিখাদ দেশপ্রেম ও বিপ্লবী জীবন সম্পর্কে মানুষ জানতে পারবে এবং সাংস্কৃতিক চর্চা বাড়বে।
কোটালীপাড়া উপজেলার শেখ রাসেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিউটন বিশ্বাস বলেন, "সুকান্ত গোপালগঞ্জের মানুষ। কিন্তু তার এ পরিচয় নতুন প্রজন্ম জানে না। সরকার যে উদ্যোগ নিয়েছে তাকে আমি স্বাগত জানাই।"
জেলা প্রশাসন ২০০৬ সালে উনশিয়া গ্রামের কবির পৈত্রিক ভিটা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সম্পত্তিটি উদ্ধার করে। ওই বছরই ভিটাটি সরকারের খাস খতিয়ানভুক্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৮ ঘ.
bdnews24