২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন না করলে পৌর ও ইউপি নির্বাচন সম্ভব নয়: সিইসি

সরকার আইন করে না দিলে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। সিইসি মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের এ কথা বলেন। টাঙ্গাইলের ভূয়াপুর, ঘাটাইল, নাগরপুর ও দেলদুয়ারে প্রস্তাবিত সার্ভার স্টেশন এবং টাঙ্গাইল সদরে জেলা নির্বাচন অফিসের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করতে সিইসি এ জেলায় আসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2009, 04:23 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

টাঙ্গাইল, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকার আইন করে না দিলে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। সিইসি মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের এ কথা বলেন। টাঙ্গাইলের ভূয়াপুর, ঘাটাইল, নাগরপুর ও দেলদুয়ারে প্রস্তাবিত সার্ভার স্টেশন এবং টাঙ্গাইল সদরে জেলা নির্বাচন অফিসের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করতে সিইসি এ জেলায় আসেন। তিনি বলেন, "পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। কারণ এ মুহূর্তে আমাদের কোনো কাজ নেই। ভোটার তালিকাও তৈরি আছে। কিন্তু নির্বাচনের জন্য কোনো আইন নেই। সরকার আইন করে না দেওয়া পর্যন্ত নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।" তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন সংক্রান্ত যেসব অধ্যাদেশ জারি করেছিল তার অনেকগুলোই কার্যকর নেই উল্লেখ করে তিনি বলেন, "আমরা চেয়েছিলাম আগামী নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন করতে। কিন্তু সংসদের আগামী বাজেট অধিবেশনে নির্বাচন সংক্রান্ত আইন পাস না হলে নির্বাচনও পিছিয়ে যাবে।" এটিএম শামসুল হুদা বলেন, নতুন ভোটার রেজিস্ট্রেশনের জন্য কর্মীরা বাড়ি বাড়ি যাবে। ২০১০ সালের ১ জানুয়ারিতে যাদের বয়স ১৮ বছর হবে তারাই ভোটার হওয়ার সুযোগ পাবে বলে জানান তিনি। এ সময় জেলা প্রশাসক মাকছুদুর রহমান পাটওয়ারী এবং পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২২৩২ঘ.