২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদক কর্মকর্তাদের হাজির করতে স্পিকারের সাহায্য চাইলো কমিটি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকাণ্ডের পর্যালোচনার জন্য দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধূরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ও কমিশনার আবুল হাসান মনযুর মান্নানকে সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সামনে হাজির হওয়া নিশ্চিত করতে স্পিকারকে অনুরোধ জানিয়েছে কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2009, 10:35 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকাণ্ডের পর্যালোচনার জন্য দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধূরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ও কমিশনার আবুল হাসান মনযুর মান্নানকে সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সামনে হাজির হওয়া নিশ্চিত করতে স্পিকারকে অনুরোধ জানিয়েছে কমিটি। মঙ্গলবার কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ বৈঠকেও তাদের অনুপস্থিতিকে 'সংসদ ও সংসদীয় কার্যপ্রণালী বিধি অবমাননার শামিল' বলে পুনরায় অভিমত দিয়েছে কমিটি। বৈঠক শেষে কমিটির সভাপতি মহীউদ্দিন খান আলমগীর সাংবাদিকদের একথা জানান। তিনি আরও জানান, "আমরা এ ব্যাপারে স্পিকারের সাহায্য চেয়েছি। স্পিকার সংসদীয় আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।" সকাল সাড়ে ১১টায় সংসদ ভবনে কমিটির বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর। বর্তমান কোনও কর্মকর্তা না গেলেও বৈঠকে উপস্থিত ছিলেন দুদকের সাবেক সচিব দেলোয়ার হোসেন। তিনি বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের সচিব। এর আগে গত ১২ এপ্রিলের বৈঠকে যোগ দিতে দুদককে চিঠি দেওয়া হয়। কিন্তু কমিশন কর্মকর্তারা না যাওয়ায় দুদকের বিরুদ্ধে সংসদ এবং সংবিধান অবমাননার অভিযোগ আনে সংসদীয় কমিটি। ওই বৈঠকে দুর্নীতি দমন কমিশনকে বলা হয়, তারা কোন আইন বলে বৈঠকে যাচ্ছেন না তা ২ জুনের বৈঠকের আগের এক সপ্তাহের মধ্যে জানাতে হবে। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, গত ২৮ মে দুদক বৈঠকে তাদের অংশ না নেওয়ার যুক্তি তুলে ধরে একটি চিঠি পাঠায়। দুর্নীতি দমন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান এর আগে সাংবাদিকদের বলেছিলেন, "এ বিষয়ে আইনে কী বলা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সব কিছু বিবেচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে আমরা সেখানে যাব কী না।" দুর্নীতি দমন কমিশন মনে করে, দুদক স্বাধীন প্রতিষ্ঠান। তাদের তলব করার এখতিয়ার সংসদীয় কমিটির নেই। সংসদীয় কমিটি দুদকের শুরু থেকে বর্তমান পর্যন্ত কাজের বিবরণ, সর্বশেষ বার্ষিক প্রতিবেদন এবং সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদনসহ দুই কমিশনারকে বৈঠকে উপস্থিত হতে বলেছিল। সংসদীয় কমিটি তলব করার কয়েকদিন আগে পদত্যাগ করেন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধূরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/এইচএ/১৬৪১ ঘ.