২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চট্টগ্রামে ৭৩টি শিপব্রেকিং ইয়ার্ডের একটিরও পরিবেশ ছাড়পত্র নেই'

চট্টগ্রাম অঞ্চলের ৭৩টি শিপব্রেকিং ইয়ার্ডের একটিরও কার্যক্রম চালানোর জন্য প্রয়োজনীয় পরিবেশ ছাড়পত্র নেই। চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবদুস সোবহান স্বয়ং সোমবার পরিবেশ ভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় বৈঠকে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 08:07 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

চট্টগ্রাম, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম অঞ্চলের ৭৩টি শিপব্রেকিং ইয়ার্ডের একটিরও কার্যক্রম চালানোর জন্য প্রয়োজনীয় পরিবেশ ছাড়পত্র নেই। চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবদুস সোবহান স্বয়ং সোমবার পরিবেশ ভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় বৈঠকে এ তথ্য জানান। আবদুস সোবহান বলেন, এর মধ্যে ইতিমধ্যে ৬১টি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় অনুমোদনহীন শিপব্রেকিং ইয়ার্ডগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। নতুন ইয়ার্ড নির্মাণ করতে আরও ২৫টি প্রতিষ্ঠান পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন করেছে জানিয়ে আবদুস সোবহান বলেন, "শিল্প বর্জ্যরে কারণে কর্ণফুলীতে দূষণের মাত্রা দিন দিন বাড়ছে। টিএসপি ও কেপিএম কারখানার কারণে সবচেয়ে বেশি দূষণ হচ্ছে।" তিনি বলেন, স্যুয়ারেজ প্ল্যান্ট না থাকায় চট্টগ্রাম মহানগরীর ৪০ লাখ বাসিন্দা, নদীতে অবস্থানরত নৌযান এবং নদী দখলকারীদের বর্জ্যরে কারণে দূষিত হচ্ছে কর্ণফুলী। আগামী দুই বছরের মধ্যে কর্ণফুলী তীরের সব শিল্প প্রতিষ্ঠানে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট স্থাপন ও দূষণ বন্ধ করে কর্ণফুলীকে রক্ষা করা হবে। আবদুস সোবহান জানান, চট্টগ্রাম অঞ্চলের দুই শতাধিক শিল্প প্রতিষ্ঠানকে পরিবেশ দূষণের অভিযোগে গত তিন মাসে বিভিন্ন সময়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। নোটিশে প্রতিষ্ঠানগুলোকে বর্জ্য পরিশোধনের প্ল্যান্ট স্থাপনের জন্যও নির্দেশ দেওয়া হয়। শিল্প দূষণ ছাড়াও নির্বিচারে পাহাড় কাটা এ অঞ্চলের পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ বলে মত দেন বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক। তিনি বলেন, পাহাড় কাটার অপরাধে চলতি বছর এ পর্যন্ত ৩৪ টি মামলা করা হয়েছে এবং তা বিচারাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এএনএস/এসকে/২৩৫৫ঘ.