২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি'র অনিয়ম-দুর্নীতি তদন্ত শুরু করতে কমিটিকে চিঠি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিগত আট বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে গঠিত কমিটিকে কাজ শুরু করার জন্য সোমবার চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 06:06 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিগত আট বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে গঠিত কমিটিকে কাজ শুরু করার জন্য সোমবার চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে এক মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। ওই প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশের পরিপ্রেক্ষিতে গত ২৬ মে সিন্ডিকেট সভায় এ কমিটি গঠন করা হয়। রসায়ন বিজ্ঞান বিভাগের অধ্যাপক এন্তাজুল এম হককে আহ্বায়ক এবং ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ'র (আইবিএস) পরিচালক অধ্যাপক মাহবুবুর রহমানকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন- অধ্যাপক জুলফিকার মতিন, অ্যাডভোকেট জিল্লুর রহমান এবং আইন ও বিচার বিভাগের অধ্যাপক সরকার আলী আক্কাস। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার এমএ বারী জানান, ২০০১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত রাবিসহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি তদন্তের জন্য ১১ মে শিক্ষা মন্ত্রণালয় থেকে লিখিত নির্দেশ দেওয়া হয়। কমিটির সদস্য সচিব মাহবুবুর রহমান জানান, তারা এখনও চিঠি পাননি। চিঠি পেলে কাজ শুরু করবেন বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০০৯ ঘ.