২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে: জিএম কাদের

সরকার কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কৃষকদের সুলভ মূল্যে সার প্রাপ্তির ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী জিএম কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 03:05 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

লালমনিরহাট, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকার কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কৃষকদের সুলভ মূল্যে সার প্রাপ্তির ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী জিএম কাদের। তিনি বলেন, "কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) এবং টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পে অতীতের মতো দুর্নীতি হচ্ছে না। কোনো ধরনের দুর্নীতি হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" লালমনিরহাট সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিনামূল্যে সার বিতরণকালে সোমবার সকালে তিনি এ কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি ৩ শতাধিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার বিতরণ ও সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক ভাতার চেক হস্তান্তর করেন। ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য ইতোমধ্যে কৃষকদের কাছ থেকে সরকার সরাসরি ধান ক্রয় শুরু করেছে বলে জানান মন্ত্রী। এ সরকার প্রতিটি পরিবারে সরকারি চাকুরির ব্যবস্থা করে জনগণের মুখে হাসি ফোটাবে বলেও জানান তিনি। লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল হক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সার বিতরণ অনুষ্ঠানে জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জেলা জাতীয় পার্টির আহবায়ক হাবীবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বিকেলে জিএম কাদের আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএমবি/২১০৯ ঘ.