ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ছয় বছর জেল খেটে ছাড়া পাওয়ার এক মাসের মাথায় পুলিশের গুলিতে নিহত হয়েছে মিরপুর এলাকার সন্ত্রাসী আক্তার হোসেন কালু (২৫)।
সোমবার ভোররাতে রাজধানীর মিরপুর বোটানিক্যাল গার্ডেনে পুলিশের সঙ্গে 'এনকাউন্টারে' তিনি নিহত হন।
গত এক মাসে শুধুমাত্র রাজধানীতে পুলিশের গুলিতে এ নিয়ে দু'জন সন্দেহভাজন অপরাধী নিহত ও ১৮ জন আহত হয়েছেন। রাজধানীতে এক মাসে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন আরও সাতজন।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বোটানিক্যাল গার্ডেনের ভেতরে অপরাধের প্রস্তুতির সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয় অপরাধী আক্তার হোসেন কালু। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজীসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
নিহতের বড়ভাই আকবর আলী বাবু জানান, কালু মিরপুর ১ নম্বরে কাঁচামালের ব্যবসা করতো। ছয় বছর আগে মিরপুর থানার অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এক মাস আগে জেল থেকে ছাড়া পায় সে।
তিনি জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে শাহ আলী থানার এক উপ--পরিদর্শক উত্তর বিশিল এলাকা থেকে কালুকে ধরে নিয়ে যায়। পরে তারা থানায় যোগাযোগ করে জানতে পারেন তাকে থানা হেফাজতে রাখা হয়নি। এরপর তিনি এবং তার আরেক ছোটভাই দিলু গাড়িতে রাখা অবস্থায় কালুকে দেখতে পান। এরপর গাড়িতে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে কিছু বলতে পারেন না তারা।
পরে তারা জানতে পারছে বোটানিক্যাল গার্ডেনের ভেতরে এনকাউন্টারে নিহত হয়েছে সে।
আসাদের ঢাকা মেডিক্যাল কলেজ প্রতিনিধি জানান, রাত পৌনে ৩টার সময় রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের কথা বললেও তথাকথিত বন্দুকযুদ্ধ ও এনকাউন্টারে 'অপরাধী'দের হত্যার অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠনগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জিএনএ/১১০৮ ঘ.
bdnews24