খুলনা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘুর্ণিঝড় আয়লার আঘাতে লণ্ডভণ্ড খুলনার কয়রা উপজেলায় বৃহস্পতিবার আরও আটটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে কয়রায় ৪১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। সব মিলিয়ে জেলায় ৪৩ জন মারা গেছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
তবে স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি কয়রায় ৪১ জন ছাড়াও দাকোপ উপজেলায় নয়জন এবং বটিয়াঘাটায় একজনসহ মোট মারা গেছেন ৫১ জন।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরিফ পাশা জানান, বুধবার পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ৩৩ জন। বৃহস্পতিবার আরও ৮টি লাশ পাওয়া গেছে। সবমিলিয়ে এ উপজেলায় ৪১ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে ৩৫টি লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অপর ছয়জনের নাম-ঠিকানা পাওয়া যায়নি বলে জানান তিনি।
জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা জানিয়েছে, দাকোপ ও বটিয়াঘাটা উপজেলায় মারা গেছে দুজন। সব মিলিয়ে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪৩।
তবে দাকোপ উপজেলার সুতারখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধু নারায়ণ সরদার ও কামারখোলা ইউপি চেয়ারম্যান সমরেশ রায় জানান, তাদের ইউনিয়নে যথাক্রমে সাতজন ও দুজন মারা গেছেন।
কয়রা ও দাকোপ উপজেলার অধিকাংশ এলাকায় এখন পর্যন্ত পানি নামেনি। বৃহস্পতিবার সকাল আটটার দিকে কয়রায় ভাটার সময় পানি কিছুটা কমে যায়। দুপুর তিনটার দিকে জোয়ারের সময় আবার পানি বাড়ে। অবশ্য জোয়ারের পানি ওঠার পরিমাণ আগের তুলনায় কিছুটা কমেছে। কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা এর সত্যতা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩২ ঘ.
bdnews24