২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিগ্রস্ত এলাকায় সেনা, বিমান বাহিনীর তৎপরতা চলছে

ঘূর্ণিঝড় 'আইলায়' ক্ষতিগ্রস্ত এলাকায় সেনা ও বিমান বাহিনীর উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 12:53 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় 'আইলায়' ক্ষতিগ্রস্ত এলাকায় সেনা ও বিমান বাহিনীর উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা জানানো হয়। এতে বলা হয়, ঝড়ে ক্ষতিগ্রস্ত পটুয়াখালী, সাতক্ষীরা, খুলনা ও বাগেহাটে সেনাবাহিনীর যশোর এরিয়ার ২টি বিগ্রেড ২০টি দ্রুতগামী উদ্ধারযান ব্যবহার করে উদ্ধার তৎপরতা ও দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। এছাড়া আহতদের চিকিৎসা ও তাদের সেবায় সেনা বাহিনীর চিকিৎসক দলও কাজ করছে। যশোরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মতিউর রহমান মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি এবং বুধবার পটুয়াখালীর গলাচিপা ও কলাপাড়ার প্রত্যন্ত এলাকা পরিদর্শন করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এছাড়া বিমান বাহিনীর হেলিকপ্টারে করে শ্যামনগর, বরগুনা সদর, কুয়াকাটা, পটুয়াখালী সদর, ভোলার ডালচর, দৌলতখান এলাকায় ত্রাণ সামগ্রী ও পানি বিশুদ্ধকরণ 'প্লান্ট' পাঠানো হয় বলে জানিয়ে এতে বলা হয়, বিমান বাহিনী মঙ্গলবার ভোলার চরফ্যাশন, পটুয়াখালীর কুয়াকাটা ও গলাচিপা এবং খুলনা ও সাতক্ষীরায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/১৮৫২ ঘ.