ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর নয়াবাজারে ঢাকা জেলা বিএনপি রোববার স্মারকলিপি প্রদান কর্মসূচি পালনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দলের দেড় শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে কোতওয়ালি থানায় একটি মামলা হয়েছে।
রোববার গভীর রাতে এ মামলা দায়ের করেন কোতওয়ালি থানার উপপরিদর্শক আফাজ উদ্দিন। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি।
শিক্ষাঙ্গনে সন্ত্রাস, চাঁদাবাজি, দলীয়করনের প্রতিবাদে ঢাকা জেলা প্রশাসকের কাছে জেলা বিএনপি স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশের সঙ্গে ওই সংঘর্ষের ঘটনায় ২১ বিএনপি কর্মী আহত হয়।
মামলার বাদী আফাজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার জাতীয়তাবাদি দল নয়াবাজারে নবাব ইউসুফ মার্কেটের সামনে রাস্তা অবরোধ করে সমাবেশ করে। তাদের রাস্তা থেকে সরে যেতে বলা হলেও তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখে। সেখানে বিএনপি নেতা নাজমুল হুদা, আমানুল্লাহ আমান, আজিজুল বারি হেলালসহ কয়েকজন নেতা ছিলেন।
তিনি জানান, সমাবেশের এক পর্যায়ে বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা পুলিশের গাড়ীসহ একাধিক গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় বেআইনি সমাবেশের মাধ্যমে সরকারি কাজে বাধা দান ও ভাঙচুর করে ক্ষতি সাধনের অভিযোগ এনে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে একটি মামলা করা হয়।
মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হচ্ছেন- নজু, মিন্টু, আরিফ, শেখ মহসীন, সৈকত, এশাদ সরদার এবং মো. মোহন। এতে তাদের পিতার নাম বা ঠিকানা অজ্ঞাত হিসাবে উল্লেখ করা হয়।
এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান আফাজ উদ্দিন।
তিনি জানান, এতে আসামী হিসাবে দলের শীর্ষ নেতাদের নাম উল্লেখ করা না হলেও ঘটনার সময় তারা যে সেখানে উপস্থিত ছিলেন সে বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/এইচএ/১৮৪০ ঘ.
bdnews24