২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেতৃত্ব নির্বাচনে বিশ্বস্ততাকে প্রাধান্য দিন : খালেদার প্রতি দাবি

দলের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সবকিছুর উর্ধ্বে দলীয় বিশ্বস্ততাকে প্রাধান্য দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাকালীন নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় খালেদা জিয়ার উপস্থিতিতে তার কাছে এ দাবি জানান নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 03:41 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সবকিছুর উর্ধ্বে দলীয় বিশ্বস্ততাকে প্রাধান্য দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাকালীন নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় খালেদা জিয়ার উপস্থিতিতে তার কাছে এ দাবি জানান নেতারা। গত নির্বাচনে বিপর্যয়ের পর তৃণমূলসহ বিভিন্ন স্তরের নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে বিএনপির নেতৃত্বে রদবদলের প্রক্রিয়া চলছে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে যুব দলের প্রতিষ্ঠাকালীন নেতাদের আয়োজনে এই আলোচনা সভায় দলের চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাদের বক্তব্য শোনেন। কিন্তু তিনি বক্তব্য দেননি। সাধারণত জিয়ার মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় খালেদা জিয়া বক্তব্য দেন না। যুব দলের সাবেক সভাপতি মির্জা আব্বাস 'বিশ্বস্ত নেতাদের মূল্যায়ন' ও দৃশ্যত রদবদলের পরামর্শ দিয়ে বলেন,'' ওমুক না থাকলে দল দুর্বল হয়ে যাবে তা ঠিক নয়। কেবল আপনার অভাব দেখা দিলে দল বিনষ্ট হতে পারে, অন্য কারো জন্য নয়।'' যুব দলের প্রতিষ্ঠাতাকালীন সদস্য মুজাফফর আহমেদ জোরালোভাবে দল পুনর্গঠনের দাবি করেন। তিনিও রদবদলের তাগিদ দিয়ে বলেন,'' পরীক্ষিত নেতাদের নিয়ে দলকে পুনর্গঠিত করতে হবে। যারা দলের দুর্দিনে দূরে ছিল, তাদের দলে নেতৃত্বে আনা যাবে না।'' এস এম মজিবর রহমান স্থায়ী কমিটির পুনর্গঠনের দাবি তোলেন। তিনি বলেন, '' যেসব নেতা দলীয় কর্মী ও জনগণের খোঁজ-খবর নেন, তাদের দিয়ে স্থায়ী কমিটি করতে হবে। স্থায়ী কমিটি কোনো আলঙ্কারিক কমিটি নয়। ওই কমিটির সদস্য হলে দলের জন্য কাজ করতে হবে।'' দলের পরীক্ষিত নেতাদের মূল্যায়ন না করার কারণেই চট্টগ্রাম মহানগর কমিটিতে কোন্দল চলছে বলে দাবি করেন সৈয়দ ওয়াহিদুল আলম। যুব দলের প্রতিষ্ঠাতাকালীন নেতা মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় জিয়ার জীবন কর্মের ওপর বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, চেয়ারপার্সনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ, যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, যুব দলের সভাপতি বরকত উল্লাহ বুলু, সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপিপন্থী সাংবাদিক শওকত মাহমুদ প্রমুখ। প্রতিষ্ঠাকালীন যুব দল নেতাদের মধ্যে কয়েকজনকে খালেদা জিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে নেতাদের পক্ষ থেকে জিয়ার প্রতিকৃতি সম্বলিত একটি ক্রেস্ট তাকে উপহার দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১৩১ঘ.