২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় জলদস্যুদের হামলায় ৪০ জেলে আহত

ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে রোববার বিকেলে মাছধরা ট্রলারে জলদস্যুদের হামলায় ৪০ জেলে আহত হয়েছেন। দস্যুরা একটি ট্রলার ছিনিয়ে নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 03:58 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ভোলা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে রোববার বিকেলে মাছধরা ট্রলারে জলদস্যুদের হামলায় ৪০ জেলে আহত হয়েছেন। দস্যুরা একটি ট্রলার ছিনিয়ে নিয়ে গেছে। আহতদের মধ্যে ১০ জনকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আছেন- নান্নু (৩০), মান্নান (৩৫), সামছু (৬৫), জাফর (২৫), মিজান (২৮) ও হারুন (৩৫)। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ডাকাতের কবলে পড়া একটি ট্রলারের চালক হাবিবুর রহমান জানান, তারা মনপুরা উপজেলাধীন সাকুচিয়া এলাকায় মেঘনায় মাছ ধরছিলেন। বিকেলে দুটি ট্রলারে করে প্রায় ১২ ডাকাত তাদের ট্রলারে হামলা চালায়। তারা জেলেদের মারধর করে। অন্য ট্রলারগুলো তাদের সাহায্যে এগিয়ে আসে। এ সময় ডাকাতদের সঙ্গে জেলেদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে এক ডাকাতকে তারা আটক করে। তবে ডাকাতরা তাদের একটি ট্রলার ছিনিয়ে নিয়ে গেছে। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রলার ডাকাতির খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গেছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৭ ঘ.