ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্র নিয়ন্ত্রিত দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটার প্রায় ৮০০ মেট্রিক টন গুঁড়ো দুধের মেয়াদ উত্তীর্ণ হতে যাচ্ছে। আগামী তিন মাসের মধ্যে বিক্রি না হলে এগুলো খাওয়ার অনুপযোগী হয়ে পড়বে।
মূলত আমদানি করা গুঁড়ো দুধ অপেক্ষাকৃত কম দামে বিক্রি হওয়ায় এ সমস্যায় পড়েছে এই প্রতিষ্ঠানটি।
রোববার সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় অধিদপ্তরে এক আন্ত:মন্ত্রণালয় সভায় এ বিষয়ে আলোচনা হয়।
মিল্ক ভিটার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দুধ বিক্রি না হওয়ার বিষয়টি সভাকে অবহিত করেন। এগুলো বিক্রির জন্য সরকারি ভ্যাট প্রত্যাহার ও আমদানি করা দুধের ওপর ভ্যাট ও শুল্ক বাড়ানোর প্রস্তাব করেন তারা।
মিল্ক ভিটা কর্তৃপক্ষ জানান,প্রতিদিনই নতুন করে ১৫ থেকে ২০ মেট্রিক টন গুঁড়ো দুধ উৎপাদিত হচ্ছে। কিন্তু বাজারের চেয়ে মূল্য বেশি হওয়ায় এগুলো বিক্রি করা সম্ভব হচ্ছে না।
চেয়ারম্যান ওয়াহিদুল্যা মোল্লাহ জানান, প্রতিকেজি গুঁড়ো দুধ উৎপাদনে তাদের ব্যয় হয় ২৮৬ টাকা। এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট ও দুই দশমিক ৫০ শতাংশ সম্পূরক কর যোগ হয়ে ব্যয় দাঁড়ায় ৩৩৬ টাকা। কিন্তু বাজারে আমদানি করা তুলনামূলক নিম্নমানের অনেক গুঁড়ো দুধের দাম ২২০ থেকে ২৫০ টাকা। ফলে এসব দুধ বিক্রি করা সম্ভব হচ্ছে না।
বিক্রির জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলেও কোন সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানান চেয়ারম্যান।
সা
bdnews24