২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাউবি ক্যাম্পাসের মুক্তিযুদ্ধ স্মৃতি ম্যুরালটি ভেঙে ফেলা হচ্ছে

গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ক্যাম্পাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি ম্যুরালের একটি অংশ শনিবার রাতে ভেঙে ফেলেছে কর্তৃপক্ষ। রোববার বিকেলে ম্যুরালটি বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 03:11 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

গাজীপুর, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ক্যাম্পাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি ম্যুরালের একটি অংশ শনিবার রাতে ভেঙে ফেলেছে কর্তৃপক্ষ। রোববার বিকেলে ম্যুরালটি বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু হয়। স্থানীয় বিএনপি অভিযোগ করেছে, ম্যুরালটির যে অংশে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতিকৃতি ছিল সেগুলো বেছে বেছে নষ্ট করা হয়েছে। এর প্রতিবাদে দলের নেতাকর্মীরা রোববার সকালে গাজীপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মঞ্জুর-ই-খোদা তরফদার বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ উঠায় বোর্ড অব গর্ভনেন্সের সিদ্ধান্ত অনুযায়ী ম্যুরাল ভাঙা হয়েছে। এখানে ভাস্কর আব্দুর রাজ্জাকের পরিকল্পিত নকশা অনুযায়ী মূল ম্যুরাল প্রতিস্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয় ও পুলিশ কর্মকর্তারা জানান, শনিবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের অনতিদূরে স্থাপিত ম্যুরালের পাথর হাতুড়ি বাটাল ও খুন্তি দিয়ে ১০/১২ জন লোক ভাঙতে শুরু করে। তারা জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় ফুল শাপলা, বন্দুকের বেয়নেটে বাঁধা জাতীয় পতাকা, সশস্ত্র মুক্তিযোদ্ধা, মেহনতি শ্রমিকের প্রতিকৃতি অক্ষত রেখে বাকি অংশের পাথর উপড়ে ফেলে। ওইসব অংশ জুড়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি ছিল। ম্যুরালের দুটি উদ্বোধনী ফলকও ভেঙে ফেলা হয়েছে। রাতে ম্যুরাল ভাঙার ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মঞ্জুর-ই-খোদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার বিকেলে বোর্ড অব গভর্নেন্সের সিদ্ধান্ত হয়। ফলে কাজ শুরু করতে রাত হয়ে যায়।" বেছে বেছে প্রতিকৃতি ভাঙার অভিযোগের বিষয়ে তিনি বলেন, "আগে-পরে ভাঙা বড় কথা নয়। গোটা ম্যুরালটি ভেঙে মূলটি প্রতিস্থাপন করা হবে।" বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানান, ২০০০ সালে বর্তমান স্থানে মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী শিল্পী আব্দুর রাজ্জাক নকশা প্রণয়ন করে কাজ শুরু করেন। আশিভাগ কাজও শেষ হয়। পরে উপাচার্য এরশাদুল বারীর সময় ভাস্কর্য ভেঙে শিল্পী মৃণাল হকের নকশায় বর্তমান ম্যুরালটি নির্মাণ করা হয়। রেজিস্ট্রার বলেন, "ম্যুরালটিতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে- এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ জানুয়ারিতে একটি তদন্ত কমিটি করে। ওই কমিটি অভিযোগের সত্যতা পায়।" কমিটির প্রতিবেদন পাওয়ার পর বোর্ড অব গভর্নেন্সের সভায আব্দুর রাজ্জাকের নকশা করা মূল ভাষ্কর্য পুনর্নির্মাণের সিদ্ধান্ত হয় বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৭ ঘ.