ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি গৌড় গোপালকে প্রশাসনিক ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে রোববার দু'বছরের জন্য তাকে ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক পদে প্রেষণে থাকা বিসিএস নিরীক্ষা ও হিসাব ক্যাডারের দুই কর্মকর্তাকে প্রত্যাহার করে অর্থ বিভাগে ন্যস্ত করা হয়েছে। এরা হলেন এসএম মঞ্জুর আহমেদ ও মোহাম্মদ কামরুজ্জামান। অর্থ বিভাগ তাদের পদায়ন করবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বেতারের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান সংগঠক পদে প্রেষণে থাকা বেতারের কর্মকর্তা আব্দুল মতিনকে প্রত্যাহার করে তথ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তথ্য মন্ত্রণালয় তাকে অন্য পদে পদায়ন করবে।
এছাড়া চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) সঞ্জয় কুমার চৌধুরীকে সার্ভিসেস ফর চিলড্রেন অ্যাট রিস্ক প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এসকে/২২৪৭ঘ.
bdnews24