২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেওড়াপাড়ায় জেএমবি আস্তানায় র‌্যাবের অভিযানে জঙ্গি মিজানের স্ত্রী আটক

রাজধানীর শেওড়াপাড়ার উত্তর পীরেরবাগে জেএমবির আস্তানায় বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)এর অভিযান শেষে সন্দেহভাজন জঙ্গি মিজানের স্ত্রীকে আটক করা হয়েছে। বোমা বিস্ফোরণে তার ডান হাতের কব্জি উড়ে গেছে। (আরো তথ্যসহ-৪)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 05:51 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শেওড়াপাড়ার উত্তর পীরেরবাগে জেএমবির আস্তানায় বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)এর অভিযান শেষে সন্দেহভাজন জঙ্গি মিজানের স্ত্রীকে আটক করা হয়েছে। বোমা বিস্ফোরণে তার ডান হাতের কব্জি উড়ে গেছে। (আরো তথ্যসহ-৪) আহত রক্তাক্ত অবস্থায় তার ২ শিশু সন্তানকেও উদ্ধার করা হয়। র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় মিজান নামে সন্দেহভাজন এক জেএমবি সদস্যকে আটকের পর তাকে নিয়ে রাতে তার পীরেরবাগের বাড়িতে এ অভিযান শুরু করে। র‌্যাবের দলটি তাকে নিয়ে ৬১/৩ উত্তর পীরেরবাগের বাড়িতে অভিযান শুরু করে। র‌্যাব সদস্যরা তিন তলায় মিজানের ফ্ল্যাটের দরজায় পৌঁছালে মিজান সাংকেতিক ভাষায় তার স্ত্রীর সঙ্গে কথা বলে। পরক্ষণেই তার স্ত্রী ভেতর থেকে দরজা লক্ষ্য করে একটি বোমা ছোড়ে। বিস্ফোরণে দরজা ফুটো হয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা পাশের একটি ভবন থেকে হ্যান্ডমাইকে মিজানের স্ত্রীর উদ্দেশে দরজা খুলে বেরিয়ে আসতে বলে। কিন্তু ভেতর থেকে মিজানের স্ত্রী চিৎকার ও কান্নাকাটি করে বলে যে, বোমা তার হাতেই বিস্ফোরিত হয়েছে। এতে হাত ও পাসহ তার দেহের বিভিন্নস্থানে জখম হয়েছে। তাই সে দরজা খুলে বেরিয়ে আসতে পারছে না। তার ছোট দুই ছেলে-মেয়েও আহত হয়েছে বলে মিজানের স্ত্রী জানায়। এর আগে মিজান ঘটনাস্থলে সাংবাদিকদের জানায়, ওই ফ্ল্যাটে তার স্ত্রী ও ছোট দুই ছেলে-মেয়ে রয়েছে। সে সবাইকে আল্লাহর পথে চলে আসার আহ্বান জানায়। মিজান জানায়, ভেতরে বোমা থাকতে পারে। এ কারণে অভিযানের সময় তিন তলার অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। র‌্যাব সদস্যরা তিন তলায় বালুর বস্তা দিয়ে প্রতিরক্ষা ব্যুহ তৈরীর ব্যবস্থাও করে। ওই সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বাড়িটি ঘিরে রাখে। বিডিনিউজ টোয়েন্টিফোর টকম/জিএমএ/এএনএস/এইচএ/০২২৪ঘ.