ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জালিয়াতি ও প্রতারণার দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তা।
জামিন পাওয়া এসব কর্মকর্তা হলেন সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, অর্থ ও হিসাব বিভাগের সাবেক পরিচালক, বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তা এবং তথ্য, পরামর্শ ও নির্দেশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক।
বৃহস্পতিবার তারা মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে মহানগর হাকিম মোমিনুল হাসান তাদের প্রত্যেককে জামিন দেন।
জামিনপ্রাপ্তরা হলেন- সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শমশের উজ জামান, অর্থ ও হিসাব বিভাগের সাবেক পরিচালক মুহাম্মদ শাহাবুদ্দীন, বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শহীদুর রহমান, আইন কর্মকর্তা আসাদুজ্জামান এবং তথ্য, পরামর্শ ও নির্দেশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক নুরুল আমিন।
গত ৬ মে ধানমণ্ডি এবং শাহবাগ থানায় ওই বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হাফিজুর রহমান বাদী হয়ে বিশ্ববিদ্যালয়ের ২৭ টি পদে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের জন্য ভুয়া বিজ্ঞাপন ছাপিয়ে অবৈধ নিয়োগ এবং অর্থ আত্মসাতের অভিযোগ এনে এই দু'টি মামলা করেন।
ধানমণ্ডি থানার মামলায় ৯ জনকে এবং শাহবাগ থানার মামলায় ৬ জনকে অভিযুক্ত করা হয়।
ধানমণ্ডি থানার মামলায় গত মঙ্গলবার জামিন পান ওই বিশ্ববিদ্যালয়ের ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ আবুল কালাম আজাদ এবং স্নাতকোত্তর শিক্ষা ও প্রশিক্ষণ গবেষণা কেন্দ্রের সাবেক ডিন শের মোহাম্মদ। গত মঙ্গলবারই শাহবাগ থানার মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে জামিন পান জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ওয়াকিল আহমেদ, বর্তমান উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মীর মঞ্জুর মাহমুদ এবং সহকারী রেজিস্ট্রার মোয়াজ্জেম হোসেন।
অভিযুক্তদের আইনজীবী আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার এই মামলার অন্য অভিযুক্ত সিটি কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজ উদ্দীন ধানমণ্ডি থানার মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন।
বৃহস্পতিবার জামিন শুনানীতে আইনজীবীরা বলেন, "এ মামলাগুলোর বাদী জাল বিভিন্ন কাগজ দাখিল করে এই বিশ্ববিদ্যালয়ের প্রভাষকের চাকরি নিয়েছেন। এ বিষয়ে গাজীপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে একটি মামলা রয়েছে। সে মামলা থেকে রেহাই পাওয়ার জন্য বাদী এসব মর্যাদাসম্পন্ন শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। কর্মচারী নিয়োগ প্রক্রিয়ার জন্য হাইকোর্টে একটি রিট আবেদন রয়েছে।"
অভিযুক্তদের আইনজীবীরা মুখ্য মহানগর হাকিম আদালতে বাদীর 'জাল' অভিজ্ঞতা সনদপত্র দাখিল করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জিএমএ/এসকে/২১৩২ঘ.
bdnews24