ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ অভিযোগ করে বলেছেন, জোট সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশে তালিকা তৈরি করে নিরাপত্তা হেফাজতে মানুষ হত্যা করা হয়েছে। এর সঙ্গে যারা দায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা ও এর আশপাশের এলাকার পুলিশ এবং প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের নিয়ে জরুরি এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
'র্যাবের ক্রমফায়ার বন্ধ হওয়ার কারণেই কি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে' এমন এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, "বিগত জোট সরকারের সময়ে পলিটিক্যালি মটিভেটেড হিট লিস্ট করা হয়েছিল। মেরে ফেলার জন্যই এ তালিকা করা হয়েছিল। গ্রেপ্তার করে অপরাধীদের স্বীকারোক্তি অনুযায়ী কোনো এক স্থানে নিয়ে গিয়ে তাদেরকে মেরে ফেলা হতো।"
তিনি আরও বলেন, "আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা হেফজতে (ডেথ ইন কাস্টডি) এই ধরনের হত্যাকান্ডের জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনে তদন্ত করে ব্যবস্থা নেব।"
এক প্রশ্নের জবাবে তানজিম আহমেদ বলেন, "নিরাপত্তা হেফাজতে মুত্যু ও অভিযানের নামে মেরে ফেলা এক নয়। এই সরকার নিয়ম বর্হিভূত কোনো হত্যাকান্ডে জড়িত থাকবে না এবং কখনো থাকেনি। কোনো ডেথ ইন কাস্টডি এই সরকারের আমলে হবে না। হতেও দেব না।"
এর আগে বেলা তিনটা থেকে দেড় ঘন্টাব্যাপী ঢাকা ও এর আশপাশের এলাকার পুলিশ এবং প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের নিয়ে জরুরি এক বৈঠক করেন প্রতিমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিসি/জিএনএ/১৭৪১ ঘ.
bdnews24