২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ দমনে জাতীয় কমিটির ছয় কর্মকৌশল

চলমান অভিযানের পাশাপাশি জঙ্গিবাদ দমনে স্বল্পমেয়াদী ছয়টি কর্মকৌশল হাতে নিয়েছে এ সংক্রান্ত জাতীয় কমিটি। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত জাতীয় কমিটির প্রথম সভা শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।(আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 11:10 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলমান অভিযানের পাশাপাশি জঙ্গিবাদ দমনে স্বল্পমেয়াদী ছয়টি কর্মকৌশল হাতে নিয়েছে এ সংক্রান্ত জাতীয় কমিটি। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত জাতীয় কমিটির প্রথম সভা শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সাংবাদিকদের এ কথা জানান। (আরও তথ্যসহ) স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স ঘোষণা করছি। পাশাপাশি জঙ্গি তৎপরতা রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ ছয়টি কর্মকৌশল হাতে নিয়েছে এ সংক্রান্ত জাতীয় কমিটি। " জঙ্গিবাদ দমনে গত ২০ এপ্রিল তার নেতৃত্বে ১৭ সদস্যের এ কমিটি করা হয়। প্রতিমন্ত্রী বলেন, "সারাদেশে সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে জঙ্গিবাদ দেশের মাটি থেকে র্নিমূল করা হবে।" তানজিম আহমেদ বলেন, "সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন একটি চলমান প্রক্রিয়া। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে। তার মানে এ নয় যে দেশে জঙ্গিবাদ নেই।" তিনি জানান, জাতীয় কমিটি জঙ্গিবাদ প্রতিরোধে ও প্রতিকারে বিভিন্ন সংস্থার সমন্বয়ে দেশব্যাপী ছয়টি কর্মকৌশল নিয়েছে। এগুলোর মধ্যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী কৌশল রয়েছে। এসব কর্মকৌশলের আওতায় শিক্ষা, ধর্ম, তথ্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়কে জেলা থেকে গ্রাম পর্যন্ত গণ সচেতনতামূলক কার্যক্রম এবং স্থানীয় সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে কমিটি সংশ্লিষ্ট বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ, পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করবে। স্বল্পমেয়াদী কৌশলের অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় ইমাম ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সমন্বয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জঙ্গিবাদ দমনে শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতিটি গ্রাম-পাড়ায় নিরাপত্তা জোরদারে সচেতনতা সৃষ্টি ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হবে। এ কাজ করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা। ধর্মীয় প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী সচেতনতা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম নেবে ধর্ম মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয় বিভিন্ন প্রচারণা ও প্রামাণ্যচিত্র তৈরি করবে। এছাড়া গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলাবাহিনী প্রতিটি জেলা ও উপজেলা/থানায় নজরদারি বাড়াবে এবং প্রাপ্ত অভিযোগ খতিয়ে দেখে কার্যকর ব্যবস্থা নেবে। জঙ্গিবাদ এককভাবে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা নয়- জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে জঙ্গি থাকতে পারে। সরকার যে কোন ধরনের হুমকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। এ জন্য যা যা করণীয় সেটা আমরা করে যাচ্ছি।" সন্ত্রাস ও জঙ্গি দমনে চলমান অভিযানের প্রশংসা করে তানজিম আহমেদ বলেন, "যে কোনো হুমকি মোকাবেলায় সরকার প্রস্তুত। এজন্য যা যা করণীয় তা আমরা করে যাচ্ছি।" সভায় উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র, আইন, সমাজকল্যাণ, ধর্ম, তথ্য, শিক্ষা ও স্থানীয় সরকার সচিব। এছাড়া পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালকসহ এনএসআই, ডিজিএফআই ও আনসার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিডিআর ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমএসবি/১৯৪০ ঘ.