ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার সেনানিবাসের বাসভবন ছেড়ে দেওয়ার নোটিশের বৈধতা নিয়ে দায়ের করা নির্দেশের শুনানিতে হাই কোর্টের তৃতীয় বেঞ্চও বিব্রত বোধে করেছে।
রোবাবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম আব্দুল হাকিমের বেঞ্চ এ বিষয়ে পরবর্তী নির্দেশের জন্য রিটটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন। (আরও তথ্যসহ-১)
আদালত আদেশে বলেছে, "যেহেতু এই বেঞ্চের একজন বিচারপতি রিটটি শুনতে বিব্রত বোধ করেছেন তাই নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হল।"
এর আগে খালেদা জিয়ার আইনজীবী টি এইচ খান আগামী রোববার পর্যন্ত রিটটির শুনানি মুলতবির আবেদন করে বলেন, "বিরোধী দলীয় নেত্রীর সেনানিবাসের বাড়িটি নিয়ে আরেকটি নোটিশ দেওয়া হয়েছে। তাই এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য সময় প্রয়োজন।"
শুনানির সময় সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বিএনপি সমর্থক বেশ কিছু আইনজীবী উপস্থিত ছিলেন।
সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল ইনায়েতুর রহিম, মুরাদ রেজা ও এম কে রহমান।
গত ৩ মে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া হাই কোর্টে রিটটি দায়ের করেন। ওই দিনই হাই কোর্টের দুটি বেঞ্চ এর ওপর শুনানি গ্রহণে বিব্রত বোধ করার পর বিচারপতি জিনাত আরা ও বিচারপতি আব্দুল হাকিমের তৃতীয় এ বেঞ্চ রিট আবেদনটি গ্রহণ করে ১০ মে পর্যন্ত শুনানি মুলতবি করে।
এই সময়ের মধ্যে বাড়ি নিয়ে খালেদা জিয়াকে হয়রানি না করার বিষয়ে এটর্নি জেনারেলের অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি মুলতবি করে।
রোববার তৃতীয় এই বেঞ্চ শুনানিতে বিব্রত বোধ করে নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছে।
২০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ১৫ দিনের মধ্যে তার সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দেয় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর।
এরপর গত ৭ মে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ত্যাগের জন্য সামরিক ভূমি অধিদপ্তর একটি সংশোধিত নোটিশ দিয়েছে।
২০ এপ্রিল হস্তান্তর করা ওই বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশের কিছু ধারা সংশোধন করে নতুন নোটিশটি দেওয়া হয়।
খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে বিচারপতি টি এ খান, খন্দকার মাহাবুব উদ্দিন আহমাদ, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সাবেক এটর্নি জেনারেল এজি মোহাম্মাদ আলী, সাবেক অতিরিক্ত এটর্নি জেনারেল আব্দুর রাজ্জাক খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমসহ সিনিয়র আইনজীবীরা রয়েছেন।
২০ এপ্রিলের ওই নোটিশের পর ২৩ এপ্রিল সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ আগামী ৫ দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়ে সরকার এবং সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরকে উকিল নোটিশ পাঠান বিএনপি চেয়ারপারসন।
খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কুরিয়ার ও রেজিস্টার্ড ডাকযোগে সংশ্লিষ্টদের এই নোটিশ পাঠানোর পর সাংবাদিকদের বলেন, "৫ দিনের মধ্যে বাড়ি ছাড়ার ওই নোটিশ প্রত্যাহার না করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
মন্ত্রিসভা গত ৮ এপ্রিল আইনগত ত্র"টির কথা উল্লেখ করে খালেদা জিয়ার সেনানিবাস বাড়িটির ইজারা বাতিল করে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে এক সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পর তার বিধবা স্ত্রী খালেদাকে সেনানিবাসের বাড়িটি ছাড়াও গুলশানে একটি বাড়ি দেওয়া হয়েছিল।
সেনানিবাসের ৬ মইনুল রোডের বাড়িটি এর আগে সেনাপ্রধানের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো।
মন্ত্রিসভার সিদ্ধান্তের এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বাড়িটি নিজে থেকে ছেড়ে দেওয়ার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে অনুরোধ করেন। সেদিন তিনি ওই বাড়ির স্থানে ফ্ল্যাট তৈরি করে তা বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারকে দেওয়ার প্রস্তাব করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এটি/এজে/জিএনএ/১৬২০ ঘ.
bdnews24