ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বেলা পৌনে ১১টার দিকে শুরু হওয়া এ নামাজ পরিচালনা করেন খতিব মুফতি মওলানা সালাহউদ্দিন আহমেদ।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ, মন্ত্রিপরিষদ ও সংসদের সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক লোক এতে অংশ নেন।
এর আগে জানাজার জন্য স্কয়ার হাসপাতাল থেকে তার মরদেহ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আনা হয়।
শনিবার বিকেলে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ড. ওয়াজেদ মিয়া।
তারপর তার মরদেহ ধানমণ্ডির বাসভবন সুধা সদনে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েক ঘণ্টা তার মরদেহ রাখা হয়। এরপর রাতে তার মরদেহ হিমঘরে রাখার জন্য স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বায়তুল মোকাররমে প্রথম নামাজে জানাজার পর ড. ওয়াজেদ মিয়ার মরদেহ গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।
সেখানে দ্বিতীয় নামাজে জানাজ শেষে পারিবারিক গোরস্থানে বিশিষ্ট এ পরমাণু বিজ্ঞানীকে সমাহিত করা হবে।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও মহাসচিব অ্যাডভোকেট রুহুল আমীন হাওয়ালাদার, এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ, বিএনপির সহ-সভাপতি এমকে আনোয়ার ও তরিকুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, বাংলাদেশ জাতীয় পার্টির (মঞ্জু) ভারপ্রাপ্ত সভাপতি শেখ শহীদুল ইসলাম, সেক্টর কমান্ডার্স ফোরামের ভাইস চেয়ারম্যান কে এম শফিউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিক, এফবিসিসিআইর সভাপতি আনিসুল হক প্রমুখ জানাজায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এজে/জিএনএ/১০৪৮ ঘ.
bdnews24