২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জিডিপির ২০ শতাংশ আসছে পুঁজিবাজার থেকে'

মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২০ শতাংশ পুঁজিবাজার থেকে অর্জিত হচ্ছে বলে জানিয়েছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এর চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2009, 01:07 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

সিলেট, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২০ শতাংশ পুঁজিবাজার থেকে অর্জিত হচ্ছে বলে জানিয়েছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এর চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার। তিনি বলেন, "কয়েক বছর আগে পুঁজিবাজার থেকে দেশের মোট জিডিপির মাত্র ৬ শতাংশ অর্জিত হতো। এখন অর্জিত হচ্ছে ১৯ দশমিক ১৮ শতাংশ।" শনিবার দুপুরে সিলেট নগরীর হোটেল রোজভিউয়ে বিনিয়োগকারীদের সচেতনতামূলক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ অনুষ্ঠান আয়োজন করে। বাংলাদেশের শেয়ারবাজার দ্রুত বদলে যাচ্ছে এবং প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া আসছে বলে জানিয়ে তিনি বিনিয়োগকারীদের এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। ভালভাবে কোম্পানি সম্পর্কে জেনে বিনিয়োগ করার পরামর্শ দিয়ে এসইসি চেয়ারম্যান বলেন, "গুজবে কান দিয়ে কেউ পুঁজিবাজারে বেচাকেনা করলে এসইসি বা স্টক এক্সচেঞ্জ তাদের বিনিয়োগের নিরাপত্তা দিতে পারবে না।" উন্নত দেশগুলোতে ৩০ থেকে ৪০ শতাংশ লোক পুঁজিবাজারে বিনিয়োগ করেন উল্লেখ করে তিনি বলেন, "আমি আশা করি এক সময় আমাদের দেশের ৫০ শতাংশ লোক পুঁজিবাজারে বিনিয়োগ করবে।" বিনিয়োগকারীদের উদ্দেশে এসইসি চেয়ারম্যান বলেন, "আপনাদের কেনা শেয়ারের টাকা দিয়ে দেশের জিডিপির একটি বড় অংশ অর্জিত হয়।" অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় কমিশনার জাফর আহমেদ খান, এসইসি সদস্য মনসুর আলম, মো. ইয়াসিন আলী, ডিএসই সভাপতি রকিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি শাকিল রিজভী, নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন ও সাবেক সিনিয়র সহ-সভাপতি আহমেদ রশীদ লালি। ডিএসই সভাপতি রকিবুর রহমান সিলেটে বিভিন্ন ব্যাংকে পড়ে থাকা ৬ হাজার কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করার আহবান জানান। সিলেট বিভাগীয় কমিশনার জাফর আহমেদ খান বিনিয়োগের জন্য পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯১২ ঘ.