ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী এম এ ওয়াজেদ মিয়া মারা গেছেন। শনিবার বিকেল চারটা ২৫ মিনিটে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার চিকিৎসক অধ্যাপক সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ওয়াজেদ মিয়া দীর্ঘ দিন ধরে কিডনি সমস্যাসহ হৃদরোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। কিছু দিন আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার এনজিওপ্লাস্টি হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ওয়াজেদ মিয়া মাস্টার্স সম্পন্ন করে বিজ্ঞান শিক্ষার জন্য খ্যাতনামা প্রতিষ্ঠান যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ থেকে ডিপ্ল্লোমা এবং পরে ডারঅ্যাম কলেজ থেকে পিএইচডি করেন।
চাকরির প্রথমদিকে তত্ত্বীয় পদার্থবিদ হিসেবে পরমাণু শক্তি কমিশনে যোগ দেন ওয়াজেদ মিয়া। অবসরে যাওয়ার কয়েক বছর আগে কমিশনের চেয়ারম্যান হন তিনি।
১৯৬৮ সালে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সঙ্গে তার বিয়ে হয়। তাদের এক মেয়ে ও এক ছেলে রয়েছে।
এর আগে গত তত্ত্বাবধায়ক সরকারের সময়েও অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এএল/১৭১৫ ঘ.
bdnews24