চট্টগ্রাম, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাবউদ্দিনকে আরও ছয় দিনের জন্য পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে।
প্রথম দফায় তিন দিনের রিমান্ডে সাহাবউদ্দিন তেমন একটা মুখ না খোলায় বৃহস্পতিবার তদন্তসংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে আরও ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়।
শুনানি শেষে মহানগর হাকিম মাহবুবুর রহমান ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান চৌধুরী রিমান্ড আবেদনে সাহাবউদ্দিনকে তদন্তের স্বার্থে আরো জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে উল্লেখ করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনদিনের জিজ্ঞাসাবাদে সাহাবউদ্দিন অনেক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন। মামলার জট খুলতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণেই তাকে দ্বিতীয় দফা রিমান্ডে নেওয়া হয়েছে।
প্রয়োজনে তাকে ঢাকায় নিয়ে গিয়ে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও তিনি জানান।
গত শনিবার গভীর রাতে ঢাকার গ্রীন রোডের বাড়ি থেকে সিআইডি কর্মকর্তারা সাহাবউদ্দিনকে গ্রেপ্তার করেন। সোমবার আদালতে হাজির করে তাকে প্রথম দফায় তিনদিনের রিমান্ডে নেওয়া হয়।
এ মামলায় কারাগারে থাকা এনএসআই'র মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান আদালতে দেওয়া জবানবন্দিতে জানান, সাহাবউদ্দিনের নির্দেশেই তিনি অস্ত্র খালাসের জন্য ট্রাক ভাড়া করেছিলেন।
২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল'র সংরক্ষিত জেটি ঘাটে বিপুল পরিমাণ ওই অস্ত্রের চালান খালাসের সময় সাহাবউদ্দিন এনএসআই'র পরিচালক (নিরাপত্তা) হিসেবে কর্মরত ছিলেন।
আকবর হোসেন খান জবানবন্দিতে বলেছেন, হাওয়া ভবনের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে সাহাবউদ্দিন তখন ঢাকায় এনএসআই কার্যালয়ে দাপটের সঙ্গে কাজ করতেন।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এসকে/২০৩৫ঘ.
bdnews24