ঢাকা, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্র্যাকের কার্যক্রম পরিদর্শনের জন্য উগান্ডার উপ-রাষ্ট্রপতি গিলবার্ট বুকেনিয়া ছয় দিনের সফরে বৃহস্পতিবার সকালে ঢাকা পৌঁছেছেন।
বুকেনিয়া সকাল সাড়ে ৮টায় এমিরেটসের একটি ফ্লাইটে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ঢাকায় নিযুক্ত উগান্ডার হাইকমিশনার এইচ ই নীমিষা জে মধভানী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা, ব্র্যাকের নির্বাহী পরিচালক (আর্ন্তজাতিক) আমিনুল আলম, উপপরিচালক ড. ইমরান মতিন ও পরিচালক আহমেদ নাজমুল হোসাইন।
পরে তিনি সাংবাদিকদের জানান, ব্র্যাকের কার্যক্রম দেখতে ও দরিদ্র মানুষদের ক্ষমতায়ন প্রক্রিয়া দেখে অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি বাংলাদেশে এসেছেন।
উগান্ডার উপরাষ্ট্রপতি বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফরকালে গিলবার্ট বুকেনিয়া বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার উগান্ডার উপরাষ্ট্রপতি ধামরাই, মানিকগঞ্জ এবং সোমবার গাজীপুরের শ্রীপুরে যাবেন। তিনি সেসব স্থানে ব্র্যাক পরিচালিত ক্ষুদ্র ঋণ, উপানুষ্ঠানিক শিক্ষা,স্বাস্থ্য সেবা, গর্ভবর্তী মহিলা পরিচর্যাসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন।
সোমবার সন্ধ্যায় তিনি ব্র্যাক চেয়ারপার্সন ফজলে হোসেন আবেদের সঙ্গে দেখা করবেন।
২০০৬ সালে ব্র্যাক উগান্ডায় কার্যক্রম শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৬৫৪ ঘ.
bdnews24